২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআই ফরহাদ হত্যা মামলার সকল আসামী বেকসুর খালাস

সাব-ইন্সপেক্টর ফরহাদ হত্যা মামলায় অভিযুক্ত ৪০ জন আসামীর সকলেই বেকসুর খালাস পেয়েছে। পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে সরকার দলীয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিবদমান দুই গ্রুপের বন্দুক যুদ্ধে ফরহাদ নিহত হবার ১১ বছর পর সোমবার এ মামলার রায় প্রদান করা হয়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ রবিউল হাসান প্রদত্ত মামলার রায়ে বলা হয়, আসামীদের বিরুদ্ধে ফরহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সপক্ষে কোনো সাক্ষ্য-প্রমান নেই। রায় প্রদানের সময় নিহত এসআই ফরহাদের কোনো স্বজন আদালত কক্ষে উপস্থিত ছিলেন না।

চার্জশীটভুক্ত ৪০ জন আসামীর সকলেই জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন নেতাকর্মী। এদের মধ্যে সংগঠনটির একাংশের তৎকালীন নেতা সাগীর আহমেদ কিছুদিন আগে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। অপর অংশের নেতা কাজল পুরান ঢাকার এক ব্যবসায়ী ও তার পুত্রকে হত্যার অভিযোগে বর্তমানে পলাতক আছে। এই মামলায় আসামী কাজলের আরও দুই ভাইয়ের মধ্যে আজিজুল ইসলাম বাবুল কাঠগড়ায় হাজির থাকলেও অপর ভাই সিরাজুল ইসলাম ফারুকও পলাতক।

কাজল এবং তার দুভাই ছাড়া আরও ১৭ আসামী পলাতক থাকা অবস্থাতেই বিচার কার্য সম্পন্ন হয়। ফরহাদ হত্যার সাথে সংশ্লিষ্ট বিস্ফোরক আইনে দায়ের করা অপর একটি মামলা থেকেও কাজলকে খালাস দেওয়া হয়।

১৯৯৪ সালের ৫ মার্চ জগন্নাথ কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যকার বন্দুকযুদ্ধের সময় কর্তব্যরত এসআই ফরহাদ অস্ত্রসহ সিরাজুল হক রিপন নামের এক ক্যাডারকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় ছাত্র দলের ক্যাডাররা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে তিনি নিহত হন।

সম্প্রতি নিহত সাগীর ছাড়া খালাসপ্রাপ্ত ৩৯ জনের মধ্যে কাজল ও তার ভাই ফারুক ছাড়াও পলাতক ছিলো ১৭ জন। এরা হলো-কাজী ফারুক লাভলু, এএস জামান খান আশীষ, শামীম আহমেদ, শহীদুজ্জামান, রফিকুল ইসলাম হেনরী, আলাউদ্দিন, সিরাজুল হক রিপন, জাহাঙ্গীর, কাজী নূর কাইয়ুম, এসএম বুলবুল আহমেদ, জাবেদ কামাল, আব্দুস সামাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, জিএম হায়দার সাজ্জাদ, আব্দুস সাত্তার, মিরাজুল গাফফার রন্টু এবং শফিকুল ইসলাম চুন্নু।

পলাতক এই ১৭ জন ছাড়া অন্য অভিযুক্তরা হলো-আজিজুল ইসলাম বাবুল, রাসেল আহমেদ বিল্লাল, এনামুল হক বিপ্লব, মহসিন হোসেন জুয়েল, রফিকুল ইসলাম রফিক, রেজাউল হক মজিদ, মনির হোসেন মনির, কাওসার আলী, মোহাম্মদ বাবুল, এমরান হোসেন পাটওয়ারী, দেওয়ান মাহবুবর রহমান, আব্দুস সামাদ বেঙ্গল, মোঃ আঃ আউয়াল, রিপন ওরফে টেগরা রিপন ওরফে আবু বকর, সুখেন্দ্র চন্দ্র সূত্রধর, আব্দুল হামিদ, মোঃ শাহাবুদ্দিন, মোমিন ও আজাদ রহমান আজাদ।

ফরহাদ হত্যার পর কোতয়ালী থানার তৎকালীন ওসি মজিবুল হক ছাত্রদলের ৫২ জন নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন। পরে ৪০ জনের নামে চূড়ান্ত চার্জশীট দাখিল করা হয়। বিচারকালে আদালত এ মামলায় মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করে।

রায় ঘোষণার পর খালাসপ্রাপ্ত আসামীরা পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে উল্লাস প্রকাশ করে। পরে তারা মিছিল সহকারে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে।

বরাবরের মতো রাষ্ট্রপক্ষের কৌঁসুলীরা এ মামলার রায়ের কপি সাংবাদিকদের দেননি। এমনকি আদালত কক্ষেও সাংবাদিকদের রায়ের কপি দেখতে দেওয়া হয়নি।