সারাদেশে জঙ্গি সন্দেহে ১২ জন আটক
দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১২ জনকে গ্রেফতার করেছে।
জয়পুরহাট থেকে শনিবার রাতে দুইজন, রোববার নওগাঁ থেকে একজন, লক্ষ্মীপুরে চারজন, ঠাকুরগাঁওয়ে একজন, মানিকগঞ্জে একজন, রাজশাহীতে একজন এবং চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ জঙ্গি নেতার স্ত্রীসহ আরও একজনকে আটক করে।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ থেকে পুলিশ শনিবার রাতে ইদ্রিস আলী মন্ডল (৫৫) এবং তার ছেলে আব্দুল জোব্বারকে (৩৫) গ্রেফতার করে।
সিরিজ বোমা বিস্ফোরণের সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা এবং তারা ড. গালিবের অনুসারী কিনা, এ ব্যাপারে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ব্যাপারে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তিনি গ্রেফতারকৃতদের সম্পর্কে নতুন কোনও তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বোমা বিস্ফোরণ ও জেএমবি সদস্য সন্দেহে জেলায় ২৯ জনকে গ্রেফতার করা হলো।
বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সারা দেশে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত সন্দেহে রোববার সকালে মানিকগঞ্জ সদর থানা পুলিশ জেলা খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসা শিক্ষক আব্দুল বাতেনকে (৪৪) পালড়া বাজার থেকে গ্রেফতার করে।
বাতেন স্থানীয় আল মারকাজুল মহিলা মাদ্রাসার শিক্ষক। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র জানায়।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, রোববার সকাল ৭টায় জেলার নিয়ামতপুর উপজেলার পরানপুর মধ্যপাড়া গ্রাম থেকে পুলিশ আব্দুল কাইয়ুম নামে জেএমবির এক সক্রিয় কর্মীকে আটক করেছে।
সদর থানার ওসি মোশারফ হোসেন জানান, বেশকিছু তথ্যের ভিত্তিতে গত ১৭ আগস্ট সারাদেশে বোমা বিস্ফোরণ মামলায় কাইয়ুমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাইয়ুম জেএমবি’র সক্রিয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
বিডিনিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, থানা পুলিশ রোববার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জঙ্গিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- জেলা কোর্ট জামে মসজিদের পেশ ইমাম, নূর মোহাম্মদ নূরানী মাদ্রাসার সুপার এমরানুর (৪২), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম (৪০) ও মৌলভী ইসমাইল (২৬)। আটককৃতদের জেএমবি ও হরকাতুল জিহাদের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কাছ থেকে হরকাতুল জিহাদের দুটি চিঠি ও তালেবানদের বই পাওয়া গেছে।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ রোববার সকালে জেএমবি সদস্যদের অবস্থান জানতে জেএমবি ক্যাডার শাখাওয়াতের স্ত্রীসহ দুই জনকে আটক করেছে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে জেএমবি ক্যাডারদের আস্তানা হিসেবে ব্যবহৃত বাড়ির ভাড়াটিয়া ও শাখাওয়াতের দুলাভাই আব্দুস সামাদকে (৪০) আটক করে। পরে তাকে নিয়ে রাজশাহী পুঠিয়া থেকে শাখাওয়াতের স্ত্রী শাহনাজকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
গোমস্তাপুর থেকে গ্রেফতারকৃত জেএমবির আঞ্চলিক নেতা মহব্বতের দেওয়া তথ্যানুযায়ী গোয়েন্দা পুলিশ গত বৃহস্পতিবার দুপুরে বালুবাগানের ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বই পত্র, একটি ভিডিও ক্যাসেট, কয়েকটি সিডি উদ্ধার করে। এই বাসা থেকেই আটক করা হয় আব্দুস সামাদকে। তবে পুলিশ এখন পর্যন্ত শাখাওয়াতকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে রাজশাহীর তানোর থেকে আটক জেএমবির চাঁপাইনবাবগঞ্জ কামন্ডার শহীদুল¬াহ ও ক্যাডার তুফানকে রিমান্ডে নেয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে রোববার দুপুরে ডিসি অফিস চত্বর থেকে পুলিশ আব্দুল মতিন (৩১) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মতিন নয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার। গত ১৭ আগস্ট ঠাকুরগাঁওয়ে বোমা হামলার সঙ্গে এবং বোমা বহনের সঙ্গে মতিন জড়িত ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
পুলিশ জানায়, বোমা বিস্ফোরণের আগে অপর তিন সহযোগীসহ মতিনকে ম্যাজিস্ট্রেট আদালতের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বোমা বিস্ফোরণের পর থেকেই মতিন গা ঢাকা দেয় এবং দাড়ি গোফ কেটে চেহারা পরিবর্তনের চেষ্টা করে।
রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী মহানগর পুলিশ রোববার বিকালে জঙ্গি সন্দেহে সাব্বির নামে এক যুবককে আটক করেছে। এ সময়ে তার কাছ থেকে ৪ টি অডিও ক্যাসেট, ঊর্দু ভাষায় চিঠি উদ্ধার করা হয়।
