তেল সেক্টরের শেয়ার বিক্রির সরকারি সিদ্ধান্ত মেনে নেয়া হবে না: বিওজিডাব্লিওএফ
সরকারের তেল সেক্টরের শিল্প প্রতিষ্ঠানসমূহের শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে তেল ও গ্যাস সেক্টরের আটটি সিবিএ’র সমন্বয়ে গঠিত বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন (বিওজিডাব্লিওএফ)।
চট্টগ্রাম প্রেসক্লাবে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বিওজিডাব্লিওএফ নেতৃবৃন্দ বলেছেন, শেয়ার বিক্রির এ সরকারি সিদ্ধান্ত কোনও অবস্থাতেই মেনে নেয়া হবে না। সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, তেল সেক্টরের শেয়ার বাজারে ছাড়া হলে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাবে। সারা দেশে জ্বালানি তেল সরবরাহের ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ থাকবে না। অসাধু ব্যবসায়ীদের কাছে সরকার ও জনগণ জিম্মি হয়ে পড়বে।
নেতৃবৃন্দ বলেন, তেল সেক্টরকে অলাভজনক বলা হলেও ১৯৯৭-৯৮ থেকে ২০০৪-০৫ অর্থবছর পর্যন্ত এখাত থেকে সরকারকে রাজস্ব দেওয়া হয়েছে ২১,৮১৭ কোটি ৩৩ লক্ষ টাকা। সরকার যতই মুক্তবাজার অর্থনীতির কথা বলুক না কেন, তেল সেক্টরের শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যক্তি খাতে হস্তান্তরিত হলে দেশ ও জাতিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
তারা অভিযোগ করেন, এ সেক্টরে সরকারের নিয়ন্ত্রণ শিথিল হলে জ্বালানি তেলের গুণগত মান ক্ষুন্ন হবে। ফলে ভেজালের কারণে কলকারখানা ও পরিবহন শিল্প ধ্বংস হবে। মুনাফার লোভে জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হবে।এর নেতিবাচক প্রভাব পড়বে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন এবং অনিবার্যভাবে সকল দ্রব্যমূল্যেও।
সংবাদ সম্মেলনে লির্খিত বক্তব্য পাঠ করেন বিওজিডাব্লিএফ সভাপতি মোহাম্মদ জানে আলম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ ফজলুর রহমান।
