২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের জন্যে সারের বাফারস্টক গড়ে তোলার দাবি জানিয়েছে বিএফএ

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) অভিযোগ করেছে, বাফারস্টক না থাকায় চট্টগ্রামে সার সংকট চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

নেতৃবৃন্দ বর্তমান সার সংকটের জন্যে সরকারের সিদ্ধান্তহীনতাকে দায়ী করে বলেছেন, সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম অঞ্চলে ১২ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা থাকলেও সরকার মাত্র পাঁচ শ মেট্রিক টন সরবরাহ করেছে।

চট্টগ্রাম প্রেসক্লাবে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএফএ চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ বলেছেন, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইইউএফএল )এ উৎপাদন বন্ধ থাকায় চট্টগ্রামে সার সরবরাহে যে ঘাটতি দেখা দিয়েছে, বাফারস্টক থাকলে তা নির্বিঘ্নে মোকাবেলা করা যেত।

নেতৃবৃন্দ আগামী বোরো মওসুমের আগে চট্টগ্রামের চাহিদা বিবেচনা করে বাফারস্টক গড়ে তোলার দাবি জানান।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও বলেন, সিইইউএফএল এর মধ্যে ঘাপটি মেরে থাকা একটি চক্র বর্তমান সার সংকটের জন্যে দায়ী। এ চক্রটি সিইউএফএল যান্ত্রিক ত্রুটি অপসারণ করে উৎপাদনের সময় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।