লন্ডন এক্সপো’য় দেড় কোটি মার্কিন ডলারের অর্ডার
তিন দিনব্যাপী এক্সপো বাংলাদেশ লন্ডন ২০০৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহনকারীরা মোট এক কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য সরবরাহের অর্ডার পেয়েছেন।
পণ্য সরবরাহের অর্ডার পাওয়া শীর্ষস্থানীয় কোম্পানিগুলো হচ্ছে-ঢাকা ট্রেড ইমপেক্স, পাটোয়ারি পটেটো ফ্ল্যাক্স, চিটাগাং ওমেন এন্টারপ্রাইজ এবং শাইনপুকুর সিরামিক্স।
এটিই প্রথম বাংলাদেশী পণ্যের একক প্রদর্শনী। এতে ১৪ হাজারের বেশি দর্শক সমাগম হয়। প্রদর্শনীতে আশিটি স্টল ছিল। নারী ও শিশুসহ কয়েক হাজার দর্শনার্থীর উপস্থিতিতে শনিবার এক্সপো’র শেষ দিনটি পরিণত হয় উৎসবে।
এ উপলক্ষে এথিক্যাল ফ্যাশন ফোরাম ব্রিটিশ মডেলদের নিয়ে একটি ফ্যাশন শো’র আয়োজন করে। এতে মডেলরা বিভিন্ন ধরনের পোশাক পরে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে রাখে।
সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, উপস্থিত সাধারণ দর্শক ও ব্যবসায়ীদের সাড়া তাকে অভিভূত করেছে। আগামীতেও বাংলাদেশী পণ্যের এমন একটি প্রদর্শনীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ হাই কমিশনার এএইচ মোফাজ্জল করিম সকল বাধা বিপত্তি অতিক্রম করে প্রদর্শনী সফল করে তোলায় বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) এবং রফতানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) ধন্যবাদ জানান।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিবিসিসি চেয়ারম্যান মুকিম আহমেদ, অনারারি প্রেসিডেন্ট পিটার ফাউলার, ইপিবি’র ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন মোহাম্মদ এবং অংশগ্রহনকারীদের একজন-মনোয়ারা হাকিম আলী।
