স্পর্শকাতর ইস্যুতে সংসদে দেওয়া ২৮টি নোটিশে স্পিকারের নাকচ
জাতীয় সংসদে বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে দেওয়া ৬২ বিধির ২৮টি মূলতবি প্রস্তাব রোববার স্পিকার নাকচ করে দিয়েছেন।
নোটিশের বিষয়গুলোর মধ্যে রয়েছে, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, জ্বলানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতিসহ সাম্প্রতিক বেশ কিছু বিষয়।
আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস, কর্ণেল (অব:) ফারুক খান, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা ও গোলাম মোহাম্মদ কাদের নোটিশগুলো সংসদ সচিবালয়ে জমা দেন।
বিষয়গুলো নাকচ করা সম্পর্কে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, ইতোপূর্বে ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সংসদে তিন ঘন্টা পাঁচ মিনিট আলোচনা হয়েছে।
এছাড়াও ১৭ আগস্টের বোমা হামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। খুব শিগগিরই দোষীদের চিহ্নিত করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাই বিষয়গুলো তিনি নাকচ করে দেন।
