জঙ্গি সন্দেহে জামা’আতুল মুজাহিদীন ও খেলাফত মজলিসের ৩ সদস্য আটক
দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে জয়পুরহাট থেকে শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীনের দুই সদস্য এবং মানিকগঞ্জ থেকে রোববার সকালে খেলাফত মজলিসের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ থেকে পুলিশ শনিবার রাতে ইদ্রিস আলী মন্ডল (৫৫) এবং তার ছেলে আব্দুল জোব্বার (৩৫)কে গ্রেপ্তার করে।
সিরিজ বোমা বিস্ফোরণের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কিনা এবং তারা ড. গালিবের অনুসারী কিনা, এ ব্যাপারে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ব্যাপারে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তিনি গ্রেপ্তারকৃতদের সম্পর্কে নতুন কোনও তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বোমা বিস্ফোরণ ও জেএমবি সদস্য সন্দেহে জেলায় ২৯ জনকে গেপ্তার করা হলো।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সারা দেশে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রোববার সকালে মানিকগঞ্জ সদর থানা পুলিশ জেলা খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসা শিক্ষক আব্দুল বাতেনকে (৪৪) গ্রেপ্তার করে।
রোববার সকাল আটটায় সদর উপজেলার পালড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাতেন স্থানীয় আল মারকাজুল মহিলা মাদ্রাসার শিক্ষক। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র জানায়।
