সাভারে ভারতীয় নাগরিকসহ সারাদেশে আরও ১২ জঙ্গি গ্রেফতার
পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বৃহস্পতি রাতে ও শুক্রবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোমা হামলার সাথে জড়িত এবং জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সদস্য সন্দেহে আরও একজন ভারতীয় নাগরিকসহ ১২ জন জঙ্গিকে আটক করেছে।
বিডিনিউজের সাভার প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে শিমুলিয়া ইউনিয়নের গেয়াইলবাড়ী থেকে জেএমবি জঙ্গি সন্দেহে মাওলানা রেজওয়ান খান (৩২) নামের ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করে পুলিশ।
সে দীর্ঘদিন ধরে স্থানীয় গুচ্ছগ্রাম মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
সাত দিনের রিমাণ্ড চেয়ে শুক্রবার দুপুরেই পুলিশ তাকে আদালতে পাঠায়।
এদিকে জয়পুরহাট প্রতিনিধি জানান, পুলিশ বৃহস্পতিবার রাতে জয়পুরহাটের সবুজ নগর এলাকা থেকে জেএমবি সদস্য সন্দেহে আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জঙ্গি মোজাম্মেল হক (৪৮) আক্কেরপুর উপজেলার পশ্চিম মাথাপুর গ্রামের মাজেদুর রহমানের পুত্র। শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
এ পর্যন্ত জয়পুরহাটে জেএমবি সদস্য এবং ১৭ আগস্টের বোমা হামলার সাতে জড়িত সন্দেহে পুলিশ ও র্যাব মোট ২৭ জনকে আটক করেছে।
বিডিনিউজের কুষ্টিয়া প্রতিনিধি জানান, র্যাব বৃহস্পতিবার রাতে জঙ্গি সন্দেহে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কিশোরীনগর গ্রাম থেকে একটি স্কুলের প্রধান শিক্ষকসহ আরও তিন ব্যক্তিকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, কিশোরীনগর বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম এবং অপর দুই যুবক আকসেদ ও রিয়াজ।
র্যাব সদস্যরা গ্রেফতারকৃতদের কুষ্টিয়া ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
একটি সূত্র জানায়, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের একজন নেতা।
এদিকে কুষ্টিয়ায় ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত দুই জঙ্গি নেতা শামসুল ও আকবরকে চার দফায় মোট ৩৭ দিনের রিমাণ্ড শেষে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে তারা বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
যশোর প্রতিনিধি জানান, জঙ্গি সন্দেহে যশোরের একটি হোটেল থেকে বৃহস্পতিবার রাতে পাঁচ ব্যক্তিকে আটক করা হয় এবং শুক্রবার তাদেরকে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয়।
আটককৃতরা হচ্ছে, ক্ষুদে ব্যবসায়ী নূর মোহাম্মদ (৩৪), গোলাম রহমান (৩৫), আবদুর রহমান (৪৮), মোস্তাকিন (৪০) ও মকবুল (৩৫)।
আটককৃতরা গত ১১ সেপ্টেম্বর থেকে হোটেল আরএস-এ অবস্থান করছিল। তাদের সকলের বাড়ি ঢাকার লালবাগ থানায়।
বিডিনিউজের বাগেরহাট প্রতিনিধি জানান, ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত সন্দেহে বাগেরহাটে আটক দুই জেএমবি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেইসি) পাঠানো হয়েছে।
জেএমবি নেতা মো: বারাকাতুল্লাহ আল মোর্শেদ (২৮) ও মাওলানা গাজী আব্দুল্লাহকে (৩৫) বাগেরহাট থেকে বিশেষ পুলিশ প্রহরায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালত আল মোর্শেদকে সাত দিন এবং আব্দুল্লাহ গাজীকে আট দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে।
এদিকে বাগেরহাট পুলিশ বোমা হামলায় জড়িত ১০ জঙ্গিকে খুঁজতে বৃহস্পতিবার রাতে জেলার ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালায়।
বাগেরহাটে বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।
জেইসিতে পাঠানো মো. বারাকাতুল্লাহ আল মোর্শেদ বাগেরহাট সদরের কালদিয়া গ্রামে অবস্থিত আল মারকাজুল আস্ সালাফী ইসলামী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। গত ২৪ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে, মাওলানা গাজী আব্দুল্লাহ বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদহ মাদ্রাসার শিক্ষক। তাকে গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়।
রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীর তানোর উপজেলার চান্দর ইউনিয়নের পাকাচাঁদপুর গ্রামে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ ৪ টি পিস্তল ও বোমা তৈরীর বিপুল পরিমান সরঞ্জামসহ দুই জঙ্গিকে গ্রেফতার করেছে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ গ্রামের নাসিরউদ্দিন ওরফে মেসেরুল্লার বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে শহিদুল ইসলাম ফারুক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সন্নাসীপুর গ্রামের আজমল শেখের ছেলে পাতান শেখ ওরফে তুফানকে গ্রেফতার করে।
এই দুই যুবক জামা’আতুল মুজাহিদিনের সদস্য, তারা বাংলা ভাই এর ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশকে জানায়।
এক সুত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার সংবাদ অনুযায়ী তানোর থানার ওসি মো. জাহেদুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ গভীর রাতে মেসরুল্লার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় এবং ফারুক ও তুফানসহ বাড়ির সকলকে আটক করে। এসময় ফারুকের ঘর থেকে ৪ টি পিস্তল, বিপুল পরিমান গান পাউডার, জঙ্গি প্রশিক্ষণের সিডি, ১৫০ টি ডিটেনেটর, বিপুল পরিমান খালি কৌটা, ইলেকট্রনিক্স ডিভাইস, পাওয়ার জেল, বিস্ফোরক ওজনের নিক্তি, টাইম সার্কিট স্পিন্টার, রেজিস্ট্রার ও ব্যাটারি উদ্ধার করা হয়।
পুলিশ জানায় যে পরিমান বিস্ফোরক পাওয়া গেছে তা দিয়ে কম পক্ষে ৫ শত বোমা তৈরী করা সম্ভব।
এদিকে থানা পুলশের কাছে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে , টাইম বোমা বানানের জন্যই এসব সরঞ্জাম আনা হয়েছে। তবে কোথা থেকে এই সরঞ্জাম আনা হয়েছে তা তদন্তের কারণে পুলিশ জানাতে চাননি।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে চাঁপাইনবাবগঞ্জের তুফান ১৭ আগষ্টের বোমা হামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঐ দিন তুফান চাঁপাই এর কোর্ট প্রাঙ্গনে বোমা রেখে আসে বলে পুলিশকে জানায়।
শহিদুল ইসলাম ফারুক বোমা তৈরী, বিস্ফোরণ ঘটানো ও অস্ত্র চালনায় এক জন দক্ষ প্রশিক্ষক বলে পুলিশ জানতে পেরেছে। গ্রেফতারকৃত দুজনই বাংলাভাইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত বলেও পুলিশ জানায়।
রাজশাহীর ডিআইজি বাহারুল আলম ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। থানায় জঙ্গি দুজনকে নিয়ে আসা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় তারা পুলিশকে ইসলামের শত্রু বলে মন্তব্য করে। এছাড়াও তারা ওই কর্মকর্তাদের সামনেই বলে, এই সামান্য অস্ত্র ও দু’ চার জনকে আটক করে জামা’আতুল মুজাহিদিনের আন্দোলন থামানো যাবে না।
