ঢাকা চিড়িয়াখানায় গড়ে তোলা হবে অত্যাধুনিক থিমপার্ক
ঢাকা চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে অত্যাধুনিক থিম পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয়ের কাছে এক কোটি ২৫ লাখ টাকা র্অথ বরাদ্দ চেয়েছে।
চিড়িয়াখানার অভ্যন্তরে বিদ্যমান পার্কটিকে আরো সম্প্রসারণ করে এই পার্কে অত্যাধুনিক আটটি রাইড স্থাপন করা হবে। রাইডার গুলোর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, বৈদ্যুতিক ট্রেন, চরকি, সিঙ্গেল রকিং মেশিন, সুপার খেলনা চেয়ার, ওয়াটার ওয়ার্ল্ড, ব্যাটারি কার ও ভলকোচিং মেশিন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে , এই পার্কে প্রবেশ ও রাইডে চড়ার জন্য আলাদা টিকেট কাটতে হবে। তবে তা দেশের অন্যান্য থিম পার্কের চেয়ে সুলভ মূল্যের হবে।
কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজকে জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাইডগুলো স্থাপন করে দিলেও এর ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে এটি পরিচালনার জন্য লিজ দেওয়া হবে।
তিনি বলেন, অর্থ বরাদ্দ পাওয়া গেলে আগামী জানুয়ারিতেই এ পার্কটি দর্শকদের জন্য খুলে দেওয়া যাবে।
