টঙ্গী-গাজীপুরের ইটভাটায় অবাধে কাঠ পোড়ানোয় পরিবেশ হুমকির মুখে
গাজীপুর জেলাসহ শিল্পনগরী টঙ্গীর প্রায় শতাধিক ইটভাটায় সম্পূর্ণ বেআইনিভাবে কয়লার পরিবর্তে কাঠ পোড়নোর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
এখানকার ইট ভাটাগুলোতে প্রতিদিন প্রায় ১৮ লাখ টাকা মূল্যমানের ৩৭ হাজার মন কাঠ পোড়ানো হচ্ছে। আর এই কাঠের শতকরা ৭০/৮০ ভাগ কাঠই যোগান দিচ্ছে জেলার সরকারি বনাঞ্চলের এক শ্রেণীর কর্মকর্তা ও সিন্ডিকেটের চোরাকারবারীরা।
বর্তমানে গাজীপুর জেলার বনাঞ্চল দ্রুত বৃক্ষশূন্য হওয়ায় পরিবেশ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়েছে। বিশেষ করে ভাওয়াল মধুপুর গড়, মির্জাপুর, সফিপুর, সালনা, গাজীপুরের শালবন, ন্যাশনাল পার্ক, কাপাসিয়া, রাজেন্দ্রপুর, শ্রীপুর, কালিয়াকৈর, গাজীপুর জেলার সরকারি বনাঞ্চলের গজারি, সেগুন, ইউক্যালিপটাসসহ বিভিন্ন জাতের গাছের সংখ্যা আশংকাজনক হারে কমতে শুরু করেছে।
গাজীপুর জেলার সরকারি বনাঞ্চলের চারদিকে একশ্রেণীর সুবিধাবাদী ব্যবসায়ীরা গড়ে তুলেছে প্রায় শতাধিক ইটভাটা। সরকারি বিধি বিধান লংঘন করে সব ইটভাটায় কয়লার পরিবর্তে প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হচ্ছে। ইটভাটায় কাঠ সরবরাহের জন্য গত বছর জানুয়ারি থেকে বনাঞ্চলে শুরু হয়েছে বৃক্ষনিধন উৎসব। বনবিভাগের রেঞ্জার, ফরেস্টার এবং বন প্রহরীদের সাথে মাসিক চুক্তির ভিত্তিতে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে একশ্রেণীর সুবিধাবাদী ব্যবসায়ী নামধারী অসাধু চক্র অবাধে গাছ কাটছে। রাতের অন্ধকারে তারা এ কাঠগুলো পাচার করে দিচ্ছে।
গাছ কাটার পর গাছের শিকড়গুলো তুলে ফেলা হয়। কারণ, যাতে বোঝা না যায় যে, গাছ কাটা হয়েছে। শিকড়গুলো তুলে ফেলায় নতুন গাছ জন্মানোর পথও বন্ধ হয়ে গেছে। কাটা গাছ ঘোড়া, মহিষ ও গরুর গাড়ি, রিকশা ভ্যান এবং ট্রাক দিয়ে প্রকাশ্যে ইট ভাটায় চালান করা হচ্ছে। ফলে দিন দিন বন উজাড় হতে চলেছে।
সরেজমিন পরিদর্শণে জানা যায়, প্রতিটি ইটভাটায় প্রতিদিন গড়ে কমপক্ষে দেড়শ’ মন কাঠ পোড়ানো হয়। এই হিসেবে, জেলা শহরে গড়ে ওঠা প্রায় শতাধিক ইটাভাটায় দৈনিক ৩৭ হাজার মন কাঠ পোড়ানো হয় বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।
