২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতিকালে ধৃত ২ কনেস্টেবল ৩ দিনের রিমান্ডে

ডাকাতিকালে জনতার হাতে ধৃত হাটহাজারী থানাধীন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পুলিশ কনস্টেবল শহীদ ও বশিরকে জনতা বুধবার রাতে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের গাড়ি ডাকাতির সময় হাতেনাতে ধরে ফেলে।

এ দুই পুলিশ সদস্যকে ইতোমধ্যে চাকরি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ইবনে সিনা কর্তৃপক্ষ দাবি করেছে, গাড়িতে ঔষধ বিক্রির ৩০ হাজার টাকা ছিল। এ গাড়িটির পাশে স্টারশিপ কোম্পানির অন্য একটি গাড়িতেও এক লাখ ৭০ হাজার টাকা ছিল।

ইবনে সিনা কর্তৃপক্ষ বুধবার রাতেই ধৃত দুই কনস্টেবলসহ অজ্ঞাত আরও ১০/১২ জনের নামে সিএমপির চান্দগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।

এ মামলায় আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে চান্দগাঁও পুলিশ সূত্র জানিয়েছে, যে ১০/১২ জনের ডাকাত দল ইবনে সিনার গাড়ি ডাকাতি করছিলো, সেখানে আরও কয়েকজন পুলিশ থাকার কথা ধৃত দুই কনস্টেবল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ সম্পর্কে আরও জিজ্ঞাসাবাদের জন্যে কনস্টেবল শহীদ ও বশিরকে রিমান্ডে আনা হয়েছে।