২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি সড়ক সংযোগ ইস্যুতে ঢাকা-ইয়াঙ্গুন বৈঠক সেপ্টেম্বরে

বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে তিনদিন ব্যাপি এক উচ্চপর্যায়ের বৈঠক ২৫ সেপ্টেম্বর ইয়াঙ্গুনে শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সড়কপথে সরাসরি সংযোগের জন্য প্রস্তাবিত খসড়া চুক্তি নিয়ে আলোচানা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতির এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক জহিরুল হক বলেন, বাণিজ্য, পর্যটন খাতে অগ্রগতি এবং আঞ্চলিক সড়ক যোগাযোগ উন্নয়নের জন্য উভয় দেশের জন্যেই চুক্তিটি কার্যকর ভুমিকা রাখবে।

যোগাযোগ সচিব বৈঠকে তিন সদস্য বিশিষ্ট বাংলদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

মায়ানমার সরকার সড়ক নির্মাণের জন্যে প্রয়োজনীয় স্থান প্রদানের পাশাপাশি, নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি আনা নেয়ার ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও কর মওকুফ করবে এবং সড়ক ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশী যানবাহনকে অবাধ সুবিধা দেবে।

মায়ানমারের তাংবুর থেকে বাওলী বাজার পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক তৈরি হবে বাংলাদেশ সরকারের অর্থায়নে।

মায়ানমারের সাথে সরাসারি সড়ক সংযোগটি থাইল্যান্ড, চীন এবং অন্যান্য দেশের সাথে যুক্ত হবে।