২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুহাটে জেএমবি’র ২ শীর্ষ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে পুলিশ গত বুধবার গভীর রাতে জেএমবি’র দুই জন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে স্থানীয় আহলে হাদীস জামে মসজিদের মোয়াজ্জিন শফিকুল ইসলাম (৩০) এবং আহলে হাদিস আন্দোলনের জেলা শাখার নেতা শফিকুল ইসলাম শফি (৪০)।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

৯ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত জেএমবির সদস্য আজিজুল বারী মিন্টুর ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এই অভিযান চালানো হয়েছিল। সবুজনগরের জয়নাল আবেদীনের পুত্র শফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলা শহরে অবস্থিত আর বি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আহলে হাদীস জামে মসজিদের মোয়াজ্জিন। মিন্টুর স্বীকারোক্তি অনুযায়ী, সে ১৭ আগষ্ট জয়পুহাটের বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত ছিল।

অপরদিকে সদর উপজেলার কোমর গ্রামের মৃত আব্দুল কাদের মোল্লার পুত্র শফিকুল ইসলাম শফিকে (৪০) শহরে তার দোকান থেকে গ্রেফতার করা হয়। সে আহলে হাদীস আন্দোলনের জেলা শাখার প্রচার সম্পাদক ও ডঃ গালীবের আলহেরা সাংস্কৃতিক গোষ্ঠীর অন্যতম সদস্য।

এ পর্যন্ত জেএমবি’র সদস্য ও বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ও র‌্যাব জয়পুরহাটে ২৬ জনকে গ্রেপ্তার করেছে।