২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দর বনের কাঠ পাচার রোধে বাগেরহাটের ৪টি স’মিলে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা

কাঠ পাচার রোধে বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন সংলগ্ন এলাকার চারটি স’ মিল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 10:31 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বন বিভাগ সূত্র জানায়, বাগেরহাটের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সরোজ কুমার দে’র নেতৃত্বে পরিচালিত অভিযানে মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের সমাদ্দারখালি গ্রামে অবস্থিত খোকন হাওলাদার ও মো: ছগির হোসেনের স’ মিল এবং জিউধরা বাজারে অবস্থিত রুহুল আমিন মৃধা ও আব্দুর রাজ্জাক হাওলাদারের স’ মিল চারটি বন্ধ করে দেওয়া হয়। এসব মিলের চাকা ও করাতসহ বিভিন্ন যন্ত্রাংশও জব্দ করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও শেখ মিজানুর রহমান জানান, সুন্দরবন থেকে কাঠ পাচার প্রতিরোধে ১৯৯৮ সালের স’ মিল নিয়ন্ত্রণ আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই বিধান অনুযায়ী বন সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে স’ মিল স্থাপন নিষিদ্ধ থাকলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বন সংলগ্ন লোকালয়ে স’ মিল স্থাপন করে ব্যবসা করে আসছে। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এলাকায় এ ধরণের বেশ কিছু স’ মিল চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব মিল বন্ধে অভিযান চালানো হবে।

তিনি জানান, অভিযানকালে রুহুল আমিনের মিল থেকে ১৬ পিস সুন্দরী কাঠও উদ্ধার করা হয়। এ সব গাছ সুন্দরবন থেকে কেটে এনে চেরাই করার জন্য রাখা হয়েছিলো।