২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা তৈরির জন্যে নভেম্বরে ৩ লাখ ৮১ হাজার লোক নিয়োগ

ভোটার তালিকা তৈরিতে মাঠ পর্যায়ে কাজের জন্যে নভেম্বরের প্রথম সপ্তাহে তিন লাখ ৮১ হাজার ৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

নির্বাচন কমিশন সূত্র বুধবার জানায়, এর মধ্যে আছে-তিন লাখ তথ্য সংগ্রহকারী, ৭৫ হাজার সুপারভাইজার, ছয় হাজার সহকারী রেজিস্ট্রেশন অফিসার এবং ৮৩ জন রেজিস্ট্রেশন অফিসার।

এর আগে ভোটার তালিকা তৈরির ১৪৬ কোটি টাকার বাজেট ছাড় করানোর উদ্যোগ নেয়া হবে। ১৩ আগস্ট নির্বাচন কমিশন অর্থমন্ত্রণালয়ে ৪৬টি খাতে এ টাকা চেয়ে চিঠি পাঠায়। এর মধ্যে তথ্য সংগ্রহের জন্যে ৭৫ কোটি টাকা, মুদ্রণ ও বিতরণের জন্যে ২৭ কোটি টাকা, মুদ্রণের কাগজের জন্যে পাঁচ কোটি টাকা এবং অন্যান্য খাতে বাকি টাকা ব্যয় করা হবে। দীর্ঘ এক মাসেও অর্থ মন্ত্রণালয় নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী টাকা ছাড় করেনি।

জাপানে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ শেষে বুধবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ দেশে ফিরবেন। তিনি ফিরে টাকা ছাড় করানোর উদ্যোগ নেবেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ইতোমধ্যে ভোটার তথ্যপত্র ছাপানোর কাজ শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে সহকারী রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের প্যানেল তৈরি করা হচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে তা সম্পন্ন হবে।

কমিশন জানায়, নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে প্রায় মাসব্যাপী তথ্য সংগ্রহের কাজ চলবে। সংগৃহীত তথ্য যাচাই বাছাই শেষে তা মুদ্রণ করে গেজেট আকারে প্রকাশ করা হবে।