বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ শতাংশ বাড়ছে
সরকার এসি বাস ও ট্রাকের ভাড়া অপরিবর্তিত রেখেই শুধু নন এসি বাসের ভাড়া কিলোমিটার প্রতি আট পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এ সিদ্ধান্তে নন এসি বাসের ভাড়া আগের চেয়ে ১১ শতাংশ বাড়ল।
এছাড়া, সরকার ফেরি ভাড়া, সেতু টোল ও অন্যান্য সরকারি করের ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা করবে।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে বুধবার সরকার ও পরিবহন মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সাংসদ জিএম সিরাজ, সাংসদ শাহজাহান খান, সাংসদ মশিউর রহমান রাঙ্গা, অধ্যক্ষ আব্দুল রশিদ এবং মো. আশরাফ খান উপস্থিত ছিলেন।
যোগাযোগ মন্ত্রী সরকার অনুমোদিত ভাড়ার বেশি না নেওয়া এবং নির্ধারিত দূরত্বে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়ার জন্য মালিক ও যানবাহন পরিচালনাকারীদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে যোগাযোগ মন্ত্রী বলেন, তিনি একা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি মিনি বাসের ভাড়া কিলোমিটার প্রতি ৭৫ পয়সা থেকে ৮৩ পয়সা করতে এবং ৫০ সিটের বাসের ভাড়া বাড়িয়ে ৭২ পয়সা থেকে ৮০ পয়সা করতে রাজি হয়েছেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসি বাস ও ট্রাকের ভাড়া বাড়ানোর ব্যাপারে পরবর্তীতে মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।
এছাড়া সরকার বাস মালিকদের ক্ষতি পুষিয়ে দিতে ফেরি ভাড়া, সেতু টোল এবং অন্যান্য সরকারি করের বিষয়গুলোও পুনর্বিবেচনা করবে এবং মহাসড়কে সকল প্রকার অবৈধ চাঁদাবাজি বন্ধে সরকার পদক্ষেপ নেবে বলে নাজমুল হুদা জানান।
অন্য এক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, যানবাহন চালনাকারীরা যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে মনিটরিং-এর ব্যবস্থা নেবে।
তিনি বলেন, আজকের আলোচনায় যে প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো আমি মান্ত্রপরিষদের বৈঠকে উপস্থাপন করব এবং পরিষদ ভাড়ার হার নির্ধারণ করবে।
বৈঠকে তিনি আরও বলেন, পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়টি সাধারণ মানুষের জীবনযাপনের সাথে সম্পৃক্ত থাকায় আমি একা ভাড়া বাড়াতে পারি না এবং এজন্য মন্ত্রিপরিষদই চূড়ান্ত কর্তৃপক্ষ।
বৈঠকে পরিবহন মালিকরা ৫০ সিটের বাসের ভাড়া কিলোমিটারে ৮২ পয়সা এবং মিনি বাসের ভাড়া কিলোমিটারে ৮৫ পয়সা করার দাবি জানিয়েছিলেন।
