নাইকোর ব্যাংক একাউন্ট জব্দ করতে হাইকোর্টের আদেশ ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রীম কোর্ট
কানাডার তেল গ্যাস কোম্পানি নাইকোর সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার জন্যে সরকারের প্রতি হাইকোর্ট যে আদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট বুধবার তা ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে।
নাইকো রিসোর্সেস লিমিটেড’র আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এমএম রুহুল আমিন বাংলাদেশ থেকে কোন অর্থ দেশের বাইরে না পাঠানোর ব্যাপারেও নাইকোকে নির্দেশ দেন।
এছাড়া চেম্বার জজ অভ্যন্তরীণসহ অন্যান্য ব্যয় মেটানোর জন্যে ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি দেন এবং ২৩ অক্টোবর আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে স্থগিত আবেদনের পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।
তিনটি মানবাধিকার সংস্থা-বাংলাদেশ পরিবেশ আইনজীবী সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকারের দায়ের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ নাইকোর সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত এবং জাতীয় গ্রিডে সরবরাহকৃত গ্যাসের মূল্য পরিশোধ না করার ব্যাপারে সরকারের প্রতি আদেশ জারি করেন। এছাড়া রাষ্ট্র নিয়ন্ত্রিত বাপেক্সের সাথে নাইকোর চুক্তি কেন অবৈধ ঘোষষা করা হবে না এই মর্মে একটি কারণ দর্শাও নোটিশও জারি করেন বেঞ্চ।
টেংরাটিলায় গ্যাসক্ষেত্র বিস্ফোরণের পর গঠিত তদন্ত কমিটিগুলোর তদন্ত প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে আদালতে জমা দেয়ারও নির্দেশ দেন হাইকোর্ট।
ফেনী এবং ছাতক গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের জন্য ২০০৩ সালের ১৬ অক্টোবর বাপেক্স এবং নাইকোর মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। নাইকোর ত্রুটিযুক্ত খননের কারণে গত জানুয়ারি এবং জুন মাসে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে দুইবার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিপুল পরিমান গ্যাস পুড়ে যাওয়াসহ পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয়।
আদালতে নাইকোর পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নী জেনালে এজে মোহাম্মদ আলী আর মানবাধিকার সংস্থাগুলোর পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নী জেনারেল এ এফ হাসান আরিফ এবং ব্যারিস্টার তানজিবুল আলম।
