বাগেরহাটে ভগ্নিপতির হাতে শ্যালক নিহত
বাগেরহাটের রামপালে ভগ্নিপতির হাতে শ্যালক খুন হয়েছে।
পুলিশ মঙ্গলবার দুপুরে একটি পুকুর থেকে নিহত আল আমিন গাজীর (১৪) লাশ উদ্ধার করেছে এবং ঘাতক দুলাভাই মিন্টু পাটোয়ারীকে (২৮) আটক করেছে।
পুলিশ জানায়, ধৃত মিন্টু রামপালের হোগলডাঙ্গা গ্রামের তালেব পাটোয়ারী এবং আল আমিন গাজী একই গ্রামের দেলোয়ার গাজীর পুত্র। মঙ্গলবার দুপুরে হোগলডাঙ্গা গ্রামবাসী তালেব পাটোয়ারীর বাড়ির পুকুরে আল আমিন (১৪) নামে ওই কিশোরের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, ধৃত মিন্টু স্বীকার করেছে, গত শুক্রবার রাতে সে আল আমিনকে গলা টিপে হত্যা করে লাশ পুকুরে ডুবিয়ে রেখেছিলো। তবে পুলিশ হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। আল আমিনের পিতা দেলোয়ার গাজী বাদি হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেছেন।
