মন্ত্রীর অনুমোদন ছাড়া বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের ফি’র বৃদ্ধির ঘটনায় তদন্ত কমিটি গঠিত
মন্ত্রীর অনুমোদন ছাড়াই বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের ফি’র বৃদ্ধির ঘটনায় অতিরিক্ত সচিবকে প্রধান করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপি দলীয় সাংসদ জিয়াউল হক মোল্লার এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানান।
তিনি আরও জানান, তদন্ত কমিটির সুপারিশ অনুসারে ফি বাড়ানো সম্পর্কিত ওই পরিপত্র জারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তবে ওই পরিপত্র যার আদেশে জারি করা হয়, সদ্য অবসরে যাওয়া সেই সচিব এএফএম সারওয়ার কামালের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে কিনা, তার ভার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ওপর।
