এমডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে।
তিনি বলেন, এ লক্ষ্যে বাংলাদেশের কর্মসূচি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রশংসিত হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সূচক সমূহের অগ্রগতি ইতিবাচক পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে নিপোর্ট আয়োজিত ‘মাদার অ্যান্ড নিউবর্ন কেয়ার প্র্যাকটিসেস ইন রুরাল বাংলাদেশ : লেসোনস ফ্রম কমিউনিটি লেভেল ইন্টারভেনশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার তিনটি সূচক সরাসরি স্বাস্থ্যখাতের সাথে সম্পর্কিত। সে অনুযায়ী মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে উপজেলা হাসপাতালসমূহে জরুরি প্রসূতি সেবা কার্যক্রম চালু করা হয়েছে। ইতিমধ্যে ১২০টি উপজেলায় এ কর্মসূচি চালু হয়েছে। দরিদ্র পরিবারের মায়েদের জন্য মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম চালু হয়েছে। এছাড়াও বিভিন্ন বিভাগে দক্ষ ধাত্রী সেবা প্রশিক্ষণ দেয়া হয়েছে।
স্বস্থ্য সচিব আবু মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাৎ হোসেন, নিপোর্টের মহাপরিচালক লোকমান হাকিম ও সেভ দ্য চিল্ড্রেন ইউএস’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এডওয়ার্ড ওলনে। গবেষণা প্রতিবেদনের মূল বিষয় উপস্থাপন করেন নিপোর্টের পরিচালক (গবেষণা ) ডা. সাব্বির আহমেদ।
