২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে ২ গ্রেফতারকৃতকে ৪ দিনের রিমান্ডে : বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িত থাকা নিশ্চিত হয়েছে পুলিশ

রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষনছড়া থেকে ১৭ আগস্টে দেশব্যাপী বোমা বিস্ফোরণের সন্দেহে গ্রেফতারকৃত দুজনকে সোমবার পুলিশ চার দিনের রিমান্ডে নিয়েছে। তাদের পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ আহলে হাসিদ নেতা ওবায়দুর রহমান খায়ের (২২) ওরফে আবুল খায়ের ও রুহুল আমীনের (৩৫) কাছ থেকে ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হয়েছে। পুলিশ প্রাথমিক জ্ঞিাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে এও নিশ্চিত হয়েছেন তারা নিষিদ্ধ ঘোষিত আহলে হাদিস সংগঠনের কর্মী।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল খায়ের ও রুহুল আমীনকে সোমবার সকালের দিকে জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম এমদাদুল হকের আদালতে নিয়ে আসা হয়। পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে ম্যাজিস্ট্রেট ৪ দিনের রিমান্ডের মঞ্জুর করেন।

শনিবার রাঙ্গামাটির সীমান্তবর্তী বরকল উপজেলার ভূষনছড়া বাজার থেকে গোপণ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও বরকল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করে।

এদের মধ্যে আবুল খায়ের ও রুহুল আমীনকে শুক্রবার গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে হাজির করার ব্যবস্থা নেয়। এছাড়া আটক ভূষনছড়া বাজারের মুদি দোকানী রফিকূল ইসলামকে গ্রেফতার না করলেও তার কাছে এলাকার আরও তথ্য জানার জন্য পুলিশ কাস্টডিতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ মনে করছে গ্রেফতারকৃত দুজনকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে ও কারা কারা জড়িত তার গোপণ তথ্য পাওয়া যাবে। গ্রেফতারকৃত দুজনের সাথে চারদলীয় সরকারের একটি মৌলবাদী দলের জেলা পর্যায়ে নেতাদের সাথে গভীর সখ্যতা রয়েছে বলে সূত্র দাবি করেছে।