২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশে সাংবাদিকতা এখন আরও ঝুঁকিপূর্ণ’

বন্দর নগরীতে সোমবার আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, দেশের বর্তমান অবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় বক্তারা বলেন, অবিচার, দুর্র্নীতি, রাজনীতির দুর্বৃত্তায়ন এবং স্বৈরাচারী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে সাংবাদিকদের আরও সাহসের সাথে দায়িত্ব পালন করতে হবে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস (বিআইটিএ) এবং চট্টগ্রাম পেসক্লাব (সিপিসি) যৌথভাবে ‘মানবাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

বক্তারা বলেন, সুশাসনের অভাবে দেশের সকল প্রতিষ্ঠান এখন অকার্যকর।

তারা বলেন, একমাত্র গণমাধ্যমই সমাজের চোখ-কান হিসেবে কাজ করে যাচ্ছে। মানুষ সংবাদপত্রকেই তাদের শেষ ভরসা হিসেবে বিবেচনা করে। তাই সংবাদপত্রের ওপর জনগণের বিশ্বাসযোগ্যতা আরও বাড়াতে সাংবাদিকদের কঠোর পরিশ্রম করতে হবে।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইটিএ’র নির্বাহী পরিচালক শিশির দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, সিপিসি’র সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক কলিম সারোয়ার প্রমুখ।

কর্মশালায় বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল্ল্যাহ লিপন।

বিভিন্ন গণমাধ্যমের ১৪ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন।