সোনামসজিদ বন্দরকে পূর্ণাঙ্গ স্থল বন্দর করার দাবি জানিয়েছে স্থল বন্দর বাস্তবায়ন সংগ্রাম কমিটি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর বাস্তবায়ন সংগ্রাম কমিটি সোনামসজিদ বন্দরকে (শুল্ক স্টেশন) অবিলম্বে স্থলবন্দর করার দাবি জানিয়েছে।
রোববার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটি জানায়, প্রধানমন্ত্রী কর্তৃক সোনামসজিদ স্থল বন্দরকে পূর্ণাঙ্গ স্থল বন্দরে রূপান্তরের প্রতিশ্রুতি এক বছর পার হলেও তা অদ্যাবধি বাস্তবায়িত হয়নি। স্থল বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার ফলে দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি।
পূর্ণাঙ্গ স্থল বন্দর বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন আগে ২৫ একর জমি অধিগ্রহন সমাপ্ত হলে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় শর্ত পালন না করায় কাজ শুরু হতে জটিলতা দেখা দিয়েছে।
সংগ্রাম কমিটি আরও জানায়, টেন্ডারের শর্তানুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান পানামা ট্রেডিং জামানত বাবদ সরকারকে চার কোটি ১৩ লাখ টাকা পরিশোধ না করায় তারা কাজ করার অনুমতি পায়নি।
এর পরিপ্রেক্ষিতে পানামা ট্রেডিং কিস্তিতে টাকা পরিশোধের আবেদন জানায়।
বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি ব্যাখ্যার বিষয়টি আইন মন্ত্রণালয়ে প্রেরণ করে। বন্দর কর্তৃপক্ষই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে বলে মন্ত্রণালয় জানায়। কিন্তু বন্দর কর্তৃপক্ষ রহস্যজনক কারণে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় পূর্ণাঙ্গ স্থল বন্দর বাস্তবায়নের বিষয়টি দীর্ঘদিন থেকে ঝুলে আছে।
এদিকে সংগ্রাম কমিটি দাবি করে, পূর্ণাঙ্গ স্থল বন্দর বাস্তবায়ন না হওয়ায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও অর্জিত হচ্ছে না। বিগত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ কোটি ৭১ লাখ ১৬ হাজার পাঁচশ’ ৪০ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
এছাড়া তিন বছর আগে জাতীয় রাজস্ব বোর্ডের নির্বাহী আদেশে ৪৬টি পণ্য এ বন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে। পূর্ণাঙ্গ স্থল বন্দর বাস্তবায়ন হলেই এ সমস্ত পণ্য উন্মুক্ত হবে।
তাছাড়া কয়েক লাখ মানুষ এ বন্দরের মাধ্যমে জীবিকা অর্জন করে। এজন্য এ বন্দর অবিলম্বে পূর্ণাঙ্গ স্থলবন্দরে পরিণত হওয়া দরকার বলে সংগ্রাম কমিটি দাবি জানায়।
