সচেতনতার অভাবে সিরাজগঞ্জে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে
সচেতনতার অভাবে সিরাজগঞ্জ জেলায় শিশু মৃত্যুর হার বেড়েই চলেছে। প্রতি মাসে গড়ে অর্ধ শতাধিক শিশু প্রসবকালীন সমস্যার কারণে মারা যাচ্ছে।
জেলার একটি বেসরকারি ক্লিনিক ‘আভিসিনা’তে গত সাত দিনে চারটি শিশু মারা গেছে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, প্রতি মাসে সরকারি হিসাব অনুযায়ী ১০/১২টি নবজাতক মারা যায়। এদের বয়স শূণ্য থেকে ৪২ দিন পর্যন্ত। কিন্তু বেসরকারি হিসেব অনুযায়ী প্রতি মাসে জন্মকালীন শিশু মৃত্যুর সংখ্যা প্রায় শতাধিক।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে প্রাপ্ত সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে হাসপাতালে ভর্তিকৃত মায়েরা ১৬টি মরা বাচ্চা প্রসব করেছে।
এ ব্যাপারে নার্সরা জানান, গর্ভকালীন সময়ে মায়েদের সঠিক পরিচর্যার অভাব, সঠিক সময়ে সিজার না করাসহ প্রসবকালীন সময়ে বিভিন্ন সমস্যার কারণে শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া জন্মকালীন শ্বাসকষ্ট দেখা দিলে বাচ্চাকে বেবি ইনকিউবেটরের মধ্যে রাখা উচিত। অথচ জেলা সদর হাসপাতালে কোনও ইনকিউবেটর মেশিন নেই। আর এ কারণেই শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে বলে সদর হাসপাতালের অন্য একটি সূত্র জানিয়েছে।
এদিকে হাসপাতালের পরিচালক ডাঃ মোসাদ্দেক হোসেন মাসুম শিশু মৃত্যুর বিষয়ে বিডিনিউজকে জানান, যেসব শিশু মারা যায়, মূলতঃ তারা বিভিন্ন স্থান থেকে পূর্বেই প্রসবকালীন জটিলতায় ক্ষতিগ্রস্ত হয়ে এখানে আসে। তাই এসব ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না। তাছাড়া গ্রামীণ জনপদের মায়েরা বেশির ভাগই অজ্ঞ এবং তারা সঠিক পরিচর্যা ও অবহেলার শিকার হয়ে থাকে।
তবে তিনি আরও জানান, সদর হাসপাতাল বা মাতৃসদনে ইনকিউবেটর মেশিন থাকা উচিত। এ মেশিনের জন্য অনেক শ্বাসকষ্টের শিশু রোগী বেঁচে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
চিকিৎসকরা জানান, গর্ভবতী মায়েদের পরিচর্যা কার্যক্রমের প্রসার ঘটলেও নবজাতকের পরিচর্যা ও আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসার কোনও সুযোগ-সুবিধা এ জেলায় নেই। এখানে ২/১ জন শিশু বিশেষজ্ঞ থাকলেও শিশু চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি অপ্রতুল হওয়ায় শিশু মৃত্যুর হার কমানো অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না।
