শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ওপর হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন বেঞ্চ রোববার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কেন বেআইনি ও কর্তৃত্বহীন বলে ঘোষণা করা হবে না এ মর্মে কারণ দর্শানোর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে রুল নিশি জারি করেছেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হযরত আলী, ড. গোপীনাথ চন্দ্র সূত্রধর, জুলফিকার আহমেদ রেজা, ড. নজরুল ইসলাম, মো. মোফাজ্জল হোসেন এবং মো. ফরহাদ হোসেনের রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আব্দুর রশীদ এবং বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত স্থগিত করেছেন।
আদালতে রীট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আবেদনকারীরা বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্ল্যানিং কমিটির চেয়ারম্যান। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর প্রথম সংবিধির ৪ (৫) ধারা মতে বিভাগীয় প্ল্যানিং কমিটির চাহিদাও সুপারিশ অনুযায়ী শিক্ষক নিয়োগের বিধান থাকলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে তা অনুসরণ করা হয় নি। এ জন্যে ২৭ আগস্ট দৈনিক বাংলাদেশ অবজারভার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বে-আইনি ও বাতিলযোগ্য।
তিনি বলেন, বর্তমান উপাচার্যের মেয়াদ আগামী ৪ ডিসেম্বর শেষ হবার প্রাক্কালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক বিবেচনার অধ্যাপক থেকে প্রভাষক পদে শিক্ষক নিয়োগের জন্য এই পন্থা অবলম্বণ করা হয়েছে।
আদালতে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে মামলা পরিচালনায় সহায়তা করেন প্রমিলা বিশ্বাস এবং বি এ রশীদ।
