নিউইয়র্কের উদ্দেশ্যে সোমবার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
অধিবেশনে বক্তব্য দেয়া ছাড়াও সফরকালে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বিভন্ন বিষয় নিয়ে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে আলোচনা করবেন।
এ সময় প্রধানমন্ত্রী পাকিস্তান, মালদ্বীপ, মোজাম্বিক এবং শ্রীলংকার প্রেসিডেন্ট ও থাইল্যাণ্ডের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ইউনিসেফ ও ইউএনপিডি’র নির্বাহী পরিচালকদের সাথে আলোচনা করবেন। বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বুশের দেয়া একটি সংবর্ধনায়ও যোগ দেবেন তিনি।
পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকাসহ বিভিন্ন ইস্যুর ওপর আলোকপাত করবেন।
এদিকে নতুন করে সম্ভাব্য জঙ্গি হামলা প্রতিহত করতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা সতর্কতা গ্রহণ করা হয়েছে। আগস্টের ১৭ তারিখ প্রধানমন্ত্রীর চীন যাত্রার কয়েক ঘন্টা পরেই বোমা বিস্ফোরণে সারাদেশ কেঁপে ওঠে।
সূত্র জানায়, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সম্ভাব্য নতুন জঙ্গি হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বিমান বন্দর, সীমান্ত এলাকা, সমুদ্র বন্দর, নৌপথ ও মহাসড়কসহ দেশের সকল গুরুত্বপূর্ণ স্থানে সতর্কাবস্থা বজায় রাখা হয়েছে।
