ভিআইপি ও প্রটোকল ডিউটি বৃদ্ধির কারণে সরকারি গাড়িতে বরাদ্দের অতিরিক্ত ৪ কোটি টাকা জ্বালানি খরচ
ভিআইপি ও প্রটোকল ডিউটি বৃদ্ধির কারণে ২০০৪-০৫ অর্থ বছরে সরকারি গাড়ির জন্যে বরাদ্দের অতিরিক্ত প্রায় চার কোটি টাকা জ্বালানি খরচ হয়েছে।
সম্প্রতি সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২ তম বৈঠকে সরকারি গাড়ির জ্বালানির জন্য কত টাকা ব্যয় হয় তা সংস্থাপন সচিবের কাছে জানতে চাওয়া হলে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত খসড়া হিসাব চুড়ান্ত করা হয়েছে।
খসড়া প্রতিবেদনে বরাদ্দের চেয়ে অতিরিক্ত জ্বালানি খরচ হওয়ার কারণ হিসেবে রিকুইজিশন গাড়িতে তেল সরবরাহ এবং ভিআইপি ও প্রটোকল ডিউটি বৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয ২০০১-০২ অর্থবছরে সরকারি গাড়িতে পেট্রোল ও লুব্রিক্যান্ট জ্বালানির জন্যে বরাদ্দ ছিল পাঁচ কোটি ৭০ লাখ টাকা, ২০০২-০৩ সালে বরাদ্দ ছিল সাত কোটি চার লাখ ৭৫ হাজার টাকা। তবে এই অর্থ-বছরে বরাদ্দের অতিরিক্ত আরও এক কোটি ৩৪ লাখ ৭৫ হাজার টাকা বেশী খরচ হয়। ২০০৩-০৪ অর্থবছরে এ খাতে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে বরাদ্দ ছিল পাঁচ কোটি ৮০ লাখ টাকা, যা সংশোধনী বাজেটে সাড়ে সাত কোটি টাকায় উন্নীত করা হয়। এর পর সংস্থাপন সচিব অর্থ মন্ত্রণালয়কে জ্বালানি খরচের জন্য অতিরিক্তি আরও সাড়ে তিন কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানালে অর্থ মন্ত্রণালয় ওই বছরেই মোট ১১ কোটি টাকা বরাদ্দ দেয়।
২০০৪-০৫ অর্থ বছরেরও ১১ কোটি টাকা বরাদ্দ দেয়া হলে এ খাতে বরাদ্দের চেয়ে তিন কোটি ৯৫ লাখ ২৫ হাজার টাকা বেশী খরচ হয়।
