২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ্বযাত্রীদের আবাসন নিশ্চিত করতে ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন

হজযাত্রীদের আবাসন নিশ্চিত করতে ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান শনিবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেচেন। ২০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

চাঁদ দেখার ভিত্তিতে ২০০৬ সালের ৯ জানুয়ারি পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে।

দেশের হজ্বযাত্রীরা ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত হজ্ব এজেন্সি কিংবা সরকারি ব্যবস্থাপনায় হজ্ব পালন করে আসছেন। চলতি ব্যবস্থায় ২০০৬ সালে ৬০ হাজার হজ্বযাত্রী সৌদি আরবে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মাত্র চার হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৬ হাজার বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব করতে যাবেন।

ঢাকা হজ্ব কার্যালয়ের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় হাজিদের জন্য হাজি পাস, ভিসা, বিমান টিকেট, বৈদেশিক মুদ্রা এবং মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে হাজিদের জেদ্দা পাঠানো ও ফেরত আনার ব্যবস্থা করা হবে।

এছাড়া এবারও বেসরকারিভাবে হজ্বে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সির মাধ্যমে হজ্বে যেতে চাইলে সৌদি কর্তৃপক্ষের দেওয়া হাজি পাস সরবরাহের ব্যাপারে ঢাকা হজ্ব কার্যালয় সহযোগিতা করবে।

এজেন্সিগুলো তাদের হজ্ব প্যাকেজের মাধ্যমে হাজিদের জন্য বাড়ি ভাড়া, যাতায়াত ও অন্যান্য ব্যবস্থাসহ হজ্ব শেষে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করবে।

২০০৬ সালে সরকারিভাবে পাঠানো হাজিদের সৌদি আরবে থাকার ব্যাপারে ‘সবুজ’ ও ‘নীল’ এ দুটি ক্যাটেগরিতে ভাগ করা হবে। সবুজ ক্যাটেগরির হাজিদের এক লাখ ৫৮ হাজার ১৭২ টাকা এবং সবুজ ক্যাটেগরির হাজিদের এক লাখ ৪০ হাজার ১৭২ টাকা জমা দিতে হবে। এ টাকার মধ্যেই বিমান ও বাসা ভাড়াসহ যাবতীয় খরচ অন্তর্ভুক্ত। তবে শুধু মক্কায় থাকার ক্ষেত্রেই এ ধরনের ক্যাটেগরি ভিত্তিক আবাসন সুবিধা প্রযোজ্য হবে। মদিনায় থাকার ক্ষেত্রে তা বিবেচনা করা হবে না।