চাঁদাবাজির অভিযোগে জাবি ছাত্রলীগ নেতা প্রহৃত
চাঁদাবাজির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির আহবায়ক সোহেল পারভেজ শনিবার গণপিটুনির শিকার হয়েছেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রাঙ্গামাটি এলাকার আব্দুল হকের বাসায় এ ঘটনা ঘটে।
সোহেল বিডিনিউজকে জানান, তার পরিচিত এক লোক বাসা ভাড়ার অগ্রিম বাবদ ১১ হাজার টাকা আব্দুল হককে দিয়েছিলেন। কিন্তু বাসা ছেড়ে দেওয়ার পরও বাড়ির মালিক আব্দুল হক তার পাওনা অগ্রিম টাকা ফেরত দেয়নি। এ টাকা আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তিনি ওই বাসায় গেলে তাকে চাঁদাবাজ হিসেবে ফাঁসানো হয়।
অন্যদিকে আব্দুল হক জানান, সোহেলের নেতৃত্বে ছয়জন ছাত্র তার কাছে চাঁদা দাবি করেন। তিনি আরও জানান, বাসার বিভিন্ন ক্ষতিসাধন করায় তার ভাড়াটিয়ার অগ্রিম টাকা কেটে রাখা হয়েছে।
এলাকাবাসী জানায়, উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় জনতা ছাত্রদের বেদম প্রহার করে।
