বাড়তি ১ দিনের ছুটি ভোগ করতে শুরু করেছে সরকারি চাকুরেরা
ব্যবসায়ী সম্প্রদায়ের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও সরকারী অফিস আদালতে শনিবার থেকে সাপ্তাহিক ছুটি দু’দিন কার্যকর হওয়ায় চাকরিজীবিরা একদিনের অতিরিক্ত ছুটি ভোগ করতে শুরু করেছেন।
শনিবার সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস বন্ধ থাকলেও অনেক বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি প্রাইভেট ব্যাংকের কার্যক্রম চলে।
সরকারের ব্যয় হ্রাস ও জ্বালানি সঞ্চয়ের জন্য গত সোমবার মন্ত্রিসভায় সাপ্তাহিক ছুটি সপ্তাহে দুদিন করার ঘোষণা দেওয়া হয়।
বিজিএমইএ প্রেসিডেন্ট আনিসুল হক বিডিনিউজকে জানান, আমরা যদি কোনও ক্রেতার কাছ থেকে বৃহস্পতিবার একটি ডকুমেন্ট পাই, তাহলে স্বাভাবিকভাবেই আমরা চাইবো, শুক্রবার ব্যাংক থেকে তা এন্ডোর্স করতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। আমরা যখন রোববারে এন্ডোর্স করবো, তখন ক্রেতার অফিস বন্ধ হয়ে যাবে।
অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয়েয় এক কর্মকর্তা টেলিফোনে বিডিনিউজকে জানান, নতুন এই নিয়মে সরকারি ও বেসরকারি পরিবহনের ব্যবহার হ্রাস পাবে। এতে জ্বালানি সঞ্চয় হবে, যার ফলে জ্বালানি তেল আমদানির জন্য বৈদেশিক মুদ্রার ওপর চাপ কম পড়বে।
গত আওয়ামী লীগ সরকারের আমলে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তা বাতিল করে দেয়।
