কক্সবাজারে সমুদ্র স্নানকালে ভেসে গেছে ঢাকার স্কুল ছাত্র
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের জোয়ারে ভেসে গেছে ঢাকার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের ও লেভেলের ছাত্র কে এম আনমল (১৮)। শনিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাগরে গোসল করতে নেমে অল্পের জন্য ফিরে এসেছে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের পুত্র গোলাম সাব্বির এবং তাদের আরও দু’বন্ধু। সমুদ্রের হোটেল শৈবাল পয়েন্টে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, ধানমন্ডির ব্যবসায়ী কে এম বাবুলের পুত্র কে এম আনমল এবং তার পাঁচ বন্ধু শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সমুদ্রে গোসল করতে নামে। এ সময় ঝড়ো হাওয়ার প্রভাবে সাগর উত্তাল ও প্রচন্ড ঢেউ থাকায় কে এম আনমল, দৈনিক সমকাল সম্পাদক পুত্র গোলাম সাব্বির এবং আরও দু’জন ভেসে যায়। সমুদ্র সৈকতে দায়িত্বরত ইয়াছির লাইফ গার্ডের সদস্যরা গোলাম সাব্বিরসহ ৩ জনকে কিছুক্ষণের মধ্যেই মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। কিন্তু আনমলকে অনেক খোঁজাখুঁজির পরও উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তার সলিল সমাধি হয়েছে।
জানা গেছে, ভেসে যাওয়া আনমল শনিবার সকালে ঢাকা থেকে কক্সবাজারে এসে হোটেল লাবণীতে উঠে বন্ধুদের সাথে যোগ দেয়। তারপর দুপুর ১২টার দিকে সব বন্ধু মিলে সাগরে গোসল করতে যায়। সেখানে এ দুর্ঘটনা ঘটে।
সুত্র মতে, ভেসে যাওয়া আনমল ধানমন্ডির ১১/এ সড়কের ৯৪নং বাসার ব্যবসায়ী কে এম বাবুলের পুত্র।
এ ব্যাপারে জানতে পেরে কক্সবাজারের জেলা প্রশাসক হাবিবুর রহমান ও পুলিশ সুপার গোলাম রসুল ঘটনাস্থলে যান।
