২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি বিরোধী অভিযানের মাঝেই রাজধানী জুড়ে সর্বহারা পার্টির পোস্টার!

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো রাজধানী এখন ছেয়ে গেছে গণযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান সম্বলিত সর্বহারা পার্টির লাল পোস্টারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 07:47 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

দেশ কাঁপানো সিরিজ বোমা হামলার পর যখন জঙ্গি ও চরমপন্থী বিরোধী জোর অভিযান চলছে তখন একাধিক নিরাপত্তা সংস্থার চোখের সামনেই এই পোস্টার সেঁটেছে পার্টি কর্মীরা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ হলে বিডিনিউজকে তিনি বলেন, ‘পোস্টারিংয়ের সাথে জড়িতদের সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, শিগগিরই তারা ধরা পড়বে।’

চীন বিপ্লবের মহানায়ক মাও সেতুঙের ছবিসহ এই পোস্টার মুদ্রিত হয়েছে ‘কমরেড মাও সেতুঙের ২৯ তম মৃত্যূবার্ষিকী উদযাপন কমিটি’র ব্যানারে। এতে ৯ সেপ্টেম্বর মাও সেতুঙের ২৯ তম মৃত্যূবার্ষিকী উপলক্ষে জনগণের প্রতি যে পাঁচটি আহ্বান জানানো হয়েছে, তারমধ্যে পেরু, নেপাল, ভারতের গণযুদ্ধ থেকে শিক্ষাগ্রহণ করে বাংলাদেশেও গণযুদ্ধ গড়ে তোলার আহ্বান অন্যতম।

অনুসন্ধানে জানা যায়, লাল-কালো পোস্টারের একেবারে নীচে ই-মেইল (andlon_bulletin@rediffmail.com) যোগাযোগের ঠিকানা দেখে বোঝা যায়, এটি মূলতঃ পূর্ববাংলা সর্বহারা পার্টি, আনোয়ার কবির গ্রুপের কাজ। এদেরই ট্যাবলয়েড বুলেটিনের নাম ‘আন্দোলন’। এছাড়া ‘স্ফুলিঙ্গ’ নামেও তাদের অনিয়মিত প্রকাশনা রয়েছে।

জানা যায়, ১৯৭০ সালে সিরাজ সিকদার প্রথমে ‘মাও সেতুঙ গবেষণা কেন্দ্র’ ও পরে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টি’ প্রতিষ্ঠা করেন। মাও সেতুঙের গেরিলা যুদ্ধের আদর্শে সর্বহারা পার্টি শুরু করে সশস্ত্র আন্দোলন বা গণযুদ্ধ। ১৯৭১ সালে সর্বহারা পার্টি প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। ১৯৭৪ সালের ২ জানুয়ারি সিরাজ সিকদার বন্দী অবস্থায় রক্ষীবাহিনীর হাতে নিহত হন।

এরপরে চরমপন্থীদল সর্বহারা পার্টি একাধিক গ্রুপে বিভক্ত হয়। আদর্শচ্যুত সর্বহারা পার্টির বিভিন্ন গ্রুপই এখন ‘লাল পতাকা’, ‘জনযুদ্ধ’সহ নানা নামে সন্ত্রাস চালাচ্ছে। সর্বহারা পার্টির বিভক্ত গ্রুপগুলোর মধ্যে পূর্ব বাংলা সর্বহারা পার্টি (আনোয়ার কবির) হচ্ছে মূলধারার দল।

আনোয়ার কবির সিরাজ সিকদারের পুরোনো সহযোদ্ধাদের অন্যতম।