কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, ৪ ডাকাতের ১৫ বছর করে কারাদণ্ড
কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন এবং অপর একটি ডাকাতি মামলায় ৪ জনকে ১৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ চকরিয়া উপজেলার ছগির শাহকাটা গ্রামের মরহুম শামসুল আলমের পুত্র মোহাম্মদ ইউনুছ মিয়া প্রকাশ মকবুলকে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চকরিয়া উপজেলার ছগির শাহকাটা গ্রামের মরহুম শামসুল আলমের পুত্র
মোহাম্মদ ইউনুছ মিয়া প্রকাশ মকবুল ২০০০ সালের ১৩ জুন তার নববিবাহিতা স্ত্রী ছখিনা বেগমকে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করে এবং লাশ বাড়ির পেছনে নালায় ফেলে রাখে। হত্যার মাত্র ১৮ দিন আগে চকরিয়ার ছায়রাখালী গ্রামের আলী আহমদের কন্যা ছখিনা বেগমের সাথে বিয়ে হয়েছিল। নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ইকতেদার আহমেদ রায় প্রদান করেন।
অপরদিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাজিদুর রহমান ১৯৯৫ সালে রামু উপজেলার ধলিরছড়া মুরাপাড়ায় সংঘটিত একটি ডাকাতি মামলায় ৪ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ডাকাতদল ডাকাতি শেষে যাওয়ার সময় ফাঁকা গুলিবর্ষণ করে। এসময় এলাকাবাসী ডাকাতদের লুণ্ঠিত মালামালসহ দেখে ফেলে। এ ডাকাতির ঘটনায় নুরুজ্জামানের পুত্র সামসুল আলম বাদী হয়ে রামু থানায় ডাকাতির মামলা রুজু করে।
কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলো আবদুল ছবি পিতা-আলী আহমদ, সিদ্দিক মিয়া পিতা-নুরুল হক, সৈয়দ আকবর পিতা-গুরা মিয়া, গ্রাম-ধলির ছড়া এবং আনোয়ারুল, পিতা-আলী আহমদ ড্রাইভার, পানির ছড়া, রামু। বর্তমানে সকল আসামী হাজতে রয়েছে।
