পদ্মার ভাঙ্গনে ফরিদপুরের ২টি উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন
গত এক সপ্তাহে পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গনে ফরিদপুর জেলার সদর উপজেলা ও চরভদ্রাসন উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা এলাকায় ফরিদপুর শহর রক্ষা বাঁধের দু‘টি স্থানে প্রায় দেড়শ‘ মিটার বাঁধ ধসে গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে বাঁধের আরও একটি স্থানে ভাঙ্গন শুরু হয়েছে।
পদ্মা নদীর ভাঙ্গনে জেলার চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারটি ভাঙ্গনের হুমকির মুখে।
সূত্র জানায়, ভাঙ্গনের তীব্রতার কারণে ফরিদপুর শহরের টেপাখোলা থেকে হাজীগঞ্জ বাজার পর্যন্ত সড়কের হাজীগঞ্জ ব্রিজটিও যেকোন সময়ে ধসে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে পদ্মার পানি কমতে শুরু করলেও ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে।
গত এক সপ্তাহে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ওই দু‘টি উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ফরিদপুরের ডিক্রির চর ইউনিয়নের মৃধাডাঙ্গি, ফকিরডাঙ্গি, মুন্সীডাঙ্গি, বালিকুমারের ডাঙ্গি, ভাজনডাঙ্গা এবং চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার প্রায় তিনশ’ পরিবার নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব পরিবার বিভিন্ন উঁচু স্থানে এবং টেপাখোলা হাজীগঞ্জ সড়কের ওপর আশ্রয় নিয়েছে। বেশির ভাগ পরিবারই অর্থের অভাবে বাড়ি-ঘর অন্যত্র সরিয়ে নিতে পারছে না।
সরকারি বা বেসরকারি কোন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কোন সাহায্য-সহযোগিতা করছে না।
ফলে এসব পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাসিরউদ্দিন খান বিডিনিউজকে জানান, শহর রক্ষা বাঁধের দু’টি স্থান ধসে গেছে। তবে স্থান দু‘টিতে জরুরিভাবে ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
