২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের হামলার আশংকায় দেশজুড়ে সতর্কাবস্থা

আবারো বোমা হামলার আশংকায় সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে সম্ভাব্য যেকোনও নাশকতামূলক ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কাস্থায় রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 09:56 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

সূত্র জানায়, নতুন করে হামলা হতে পারে, এমন কোনও নির্দিষ্ট তথ্য নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, শায়খ আব্দুর রহমানের অস্থাবর সম্পত্তি ক্রোক এবং তার অনুসারীদের গ্রেফতার করার পর জামা’আতুল মুজাহিদীন সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠায় নতুন করে হামলার আশংকা করা হচ্ছে।

এদিকে র‌্যাব ও পুলিশ সদস্যরা বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সদস্য সন্দেহে আরও ১০ জনকে আটক করেছে।

বুধবার হবিগঞ্জে আটক জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীরের ছেলে শামীমের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, সিরিজ বোমা হামলার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এ পর্যন্ত মোট ৩১৪ জনকে আটক করেছে।

এদের মধ্যে ২১৭ জনকে হামলার সাথে সরাসরি জড়িত ছিল বলে শোন এরেস্ট দেখানো হয় এবং পুনরায় সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়। এ ব্যাপারে মোট ১৫২টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ নওগাঁ থেকে আরও তিন জন এবং সাতক্ষীরা থেকে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।

ঢাকা মহানগর উপ পুলিশ কমিশনার (পূর্ব) মাহবুবুর রহমান বিডিনিউজকে বলেন, নতুন করে হামলার আশংকায় আমাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার অপর উপ পুলিশ কমিশনার (উত্তর) জানান, উচ্চ পর্যায় থেকে ঢাকার সর্বত্র কঠোর সতর্কাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

পুলিশের আইজি মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, নতুন করে হামলার ব্যাপারে তাদের কাছে নির্দিষ্ট কোনও তথ্য নেই। তারপরও তারা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোনও উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি না হয়।

তিনি বলেন, আগাম পদক্ষেপ হিসেবে র‌্যাব, বিডিআর ও কোস্টগার্ডসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সতর্কাবস্থা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। তারা কেবল ভয় দেখানোর জন্য এটি করেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এটা পর্যবেক্ষণ করা সম্ভব নয়। এক্ষেত্রে জনগণকেও সহযোগিতা করতে হবে।

আইজি বলেন, আমরা আগে থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছি।

তিনি বলেন, কেবল পুলিশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এদেরকে সহযোগিতার জন্য সকল দেশবাসীকে এগিয়ে আসতে হবে।

বিমান বন্দর, সীমান্ত এলাকা, সমুদ্র বন্দর, নৌপথ ও মহাসড়কসহ দেশের সকল গুরুত্বপূর্ণ স্থানে সতকাবস্থা বজায় রাখা হয়েছে।