২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআই ফরহাদ হত্যা মামলার রায় হয়নি, বোমাবাজির মামলায় ছাত্রদল নেতাকর্র্মীদের বেকসুর খালাস

জগন্নাথ কলেজ ক্যাম্পাসে দীর্ঘ ১১ বছর আগে ছাত্রদলের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত সহকারী পুলিশ পরিদর্শক হাসানুল হক ফরহাদ হত্যা মামলার রায় দেওয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

হত্যাকান্ডের সময় বোমাবাজি সংক্রান্ত মামলার রায়ে তৎকালীন ২৩ ছাত্রদল নেতা কর্মীর সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মো. রবিউল হাসান বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি রাষ্ট্রপক্ষ প্রমান করতে ব্যর্থ হওয়ায় চার আসামীর উপস্থিতিতে খালাসের এ রায় দেন।

রায়ে বিচারক বলেন, কে কোন দিকে থেকে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা আইন প্রয়োগকারী সংস্থা তদন্তকালে প্রকৃতপক্ষে নিরূপন করতে পারেনি। ককটেল, বোমাসহ হাতে নাতে ধৃত হওয়ার বিষয় প্রসিকিউশন পক্ষ দাবীও করেনি এমন কি প্রসিকিউশন পক্ষে সাক্ষ্যে ও বিস্ফোরণের স্থান সম্পর্কে নিশ্চিত বক্তব্য দেয়া হয়নি।

১৯৯৪ সালের ৫ মার্চ দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের দু গ্রুপের আধিপত্য বিস্তারের জন্য সাগীর ও কাজল গ্রুপের মধ্যকার বন্দুক যুদ্ধে কোতয়ালী থানার তখনকার এসআই ফরহাদ গুলিতে নিহত হন। সে সময় বন্দুক যুদ্ধ চলাকালে ব্যাপক বোমাও বিস্ফোরিত হয়।

কোতয়ালি থানায় ফরহাদ হত্যার অভিযোগে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের পাশাপাশি ২৩ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় মামলা করা হয়। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আকতারুজ্জামান ভূঁইয়া পরের বছর ২ জানুয়ারি অভিযোগ পত্র দাখিল করেন। সেবছর ২০ এপ্রিল ২৩ জনের বিরুদ্ধে অভিয়োগ গঠন করা হয়। রায়দানকালে অভিযুক্ত আবু বকর রিপন, কাউসার আলম ও হামিদুর রহমান শাহবুদ্দিন জনি আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে ফরহাদ হত্যা মামলায় একজন পলাতক আসামি এ এফ জামান খান আশীষ নিজেকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে গৃহীত সাক্ষীদের জেরা করার আবেদন জানান। চলতি বছরের ৩০ আগস্ট দাখিল করা এ আবেদনটি গ্রহণ করে বিচারক সাক্ষীদের রিকল করে জেরার সুযোগ না দিয়ে শুধুমাত্র আত্মপক্ষ সমর্থনের জন্য আগামি ১৫ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।

আবেদনে অভিযুক্ত এ এফ জামাল খান আশীষ জানায়, তাকে অন্য একটি মামলার গ্রেফতার দেখানো হয়েছে। ২০০২ সালের ১৫ নভেম্বর থেকে জেল হাজতে আটক রয়েছে।

বৃহস্পতিবার আশীষের আইনজীবী আদালতে বলেন, তার মোয়াক্কেল যে ফরহাদ হত্যা মামলার আসামি সেটা তিনি জানতেন না।