ইতিবাচক চিন্তা ব্যথা কমায়
ইতিবাচক চিন্তাভাবনা যন্ত্রণা কমায়। সম্প্রতি ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের প্রোসিডিংসে এটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ইতিবাচক চিন্তা মরফিনের মতো কার্যকর ভূমিকা রাখে।
মস্তিষ্কের ইমেজের ওপর গবেষণা করে যুক্তরাষ্ট্রের ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির ব্যাপটিস্ট মেডিকেল সেন্টারের গবেষকরা এ কথা জানিয়েছেন। গবেষণাকালে তারা অংশগ্রহণকারীদের ওপর ব্যথা কমানোর বিষয়ে প্রত্যাশা, মস্তিস্কের ব্যথা সংক্রান্ত তৎপরতা, ব্যথার তীব্রতা অনুভব ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা চালান।
গবেষণা প্রকল্পের প্রধান ড. টেটসুও কোয়ামা বলেন, যন্ত্রণা উপশমে ইতিবাচক আশা বিস্ময়কর প্রভাব ফেলে। দেখা গেছে, মরফিনের মত এটি ব্যথার মাত্রা শতকরা ২৮ শতাংশ কমিয়ে দেয়।
গবেষণায় অংশগ্রহণকারী ১০ স্বাভাবিক ও সুস্থ ব্যক্তির পায়ে তাপ প্রয়োগের সময় ফাংশনাল ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং (এফএমআরআই) দিয়ে স্ক্যান করে মস্তিষ্কের কোন অংশটি এ সময় সক্রিয় হয়ে ওঠে তা দেখা হয়েছে।
প্রশিক্ষণকালে গবেষকরা অংশগ্রহণকারীদের ৭, ১৫ ও ৩০ সেকেন্ড পরপর যথাক্রমে ১১৫, ১১৮ ও ১২২ ডিগ্রি ফারেনহাইট তাপ প্রয়োগ করে তাদেরকে তাপের বিভিন্ন ধরণ সম্বন্ধে ধারণা দেয়া হয়। যেমন, ১১৫ ডিগ্রি ফারেনহাইটে মৃদু, ১১৮ ডিগ্রি ফারেনহাইটে সীমিত এবং ১২২ ডিগ্রি ফারেনহাইটে চরম ব্যাথা অনুভূত হয়। তবে এ সময় ত্বকের ক্ষতির প্রতিও লক্ষ্য রাখা হয়।
প্রশিক্ষণের এক বা দু’ দিন পর অংশগ্রহণকারীদের এফএমআরআই এর সাহায্যে ৩০ ধরণের তাপ সহ্যের মাত্রা প্রশিক্ষণ দেয়া হয়।
তৃতীয় দিনে গবেষকরা ব্যথার মাত্রা কিছুটা পরিবর্তন করে দেন। কখনও কম বা বেশি এভাবে তাপ মাত্রায় পরিবর্তন আনা হয়। যেমন, যখন তারা সীমিত ব্যথা আশা করবে, তখন তাদের দেয়া হয়েছে তীব্র ব্যথা। এতে তাদের ব্যথার তীব্রতা ২৮ শতাংশ কম দেখা যায়।
গবেষণার শীর্ষ লেখক ড. রবার্ট কোঘিল বলেন, কম মাত্রার ব্যথা আশা করলে তা ব্যথার উপাদানগত অভিজ্ঞতা এবং মস্তিষ্কে ব্যথার ক্রিয়াশীল অংশের মাত্রা কমিয়ে দিতে পারে। কাজেই ওষুধের মাধ্যমে ব্যথা উপশম না করে একে চিকিৎসার আওতায় আনতে হবে। ব্যথা উপশমে মস্তিষ্কের এ ক্ষমতাকে আমাদের ব্যবহার করতে হবে।
