২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিসেফ’র ইসিডি ছোট্ট শিশুদের দায়িত্ব নিচ্ছে

জাতিসংঘের শিশু বিষয়ক কর্মসূচির (ইউনিসেফ) শিশুর প্রারম্ভিক বিকাশ প্রকল্প (ইসিডি) একেবারে ছোট্ট শিশুদের দায়িত্ব নিচ্ছে। ইসিডি নবজাতক থেকে স্কুলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শিশুদের শিক্ষা, চিকিৎসা, পুষ্টি, ভাষা শিক্ষাসহ মানসিক স্বাস্থ্য গঠনে কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ইসিডির সঙ্গে শিশু বিষয়ক ৭২ টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সম্পৃক্ত হয়েছে।

বুধবার বিয়াম মিলনায়তনে ইসিডি ও বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

প্রধান অতিথি ছিলেন শিশু একাডেমীর পরিচালক নিয়াজউদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্যা চিল্ড্রেনের ( ইউএস) আবাসিক প্রতিনিধি অ্যাডওয়ার্ড অলনী ও ইউনিসেফের আবাসিক প্রতিনিধি মর্টিন গিয়ার্সিং।

এতে উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রকল্প কর্মকর্তা টমাস জেনশন, ইউনিসেফের সিডিই শাখা প্রধান জেমন জেনিংস, ইসিডি’র টিম লিডার ড. গোলাম মস্তোফা, ব্র্যাকের ড. মঞ্জুর আহমেদ প্রমুখ।

এছাড়া আয়োজনে সাংবাদিকরা ছাড়াও ওই শিশু বিষয়ক ৭২টি এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আয়োজনে বলা হয়, শিশুর বুদ্ধি বিকাশে পরিবারের সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে। শৈশব থেকে যদি শিশুর সুযত্ন নেওয়া হলে সে হবে বুদ্ধিদীপ্ত। পরে সে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে ওঠে।

ইসিডির উদ্যোগ সম্পর্কে আয়োজনে জানানো হয়, ইসিডি শিশুর সেবা যত্ন, লালন-পালন, কর্মজীবী মায়ের শিশুর জন্য কর্মক্ষেত্রে খেলাধুলা ও যত্নের বিশেষ ব্যবস্থা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে পরামর্শ দানসহ বিভিন্ন কাজে উৎসাহ দেবে।