দিনাজপুরে পাচারকালে ৬ শিশু উদ্ধার, ৩ জন গ্রেফতার
ঢাকা-দিনাজপুর সড়কের বিরামপুরের একটি রেস্টুরেন্ট থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ছয় শিশুকে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বিরামপুর থানা পুলিশ উদ্ধার করেছে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে।।
উদ্ধারকৃত শিশুরা হচ্ছে-আহাদ আলী (১২), সাব্বান (২), রাব্বান (৪), এহসান (১০), ফুরকান (৯) এবং লাল্লু (৮)।
গ্রেফতারকৃতরা হল-শাহাদৎ (৩০), বরকত (৪৫) ও আমেনা ওরফে বেবী (৩৮)।
জানা গেছে, ঢাকার ইমামগঞ্জ থেকে ওই তিন পাচারকারী শিশুদের রংপুর-সৈয়দপুরে বেড়াতে যাওয়ার কথা বলে ভারতে পাচারের উদ্দেশ্যে বিরামপুর নিয়ে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে বিরামপুরের সুইট রেস্টুরেন্টে শিশুদের খাওয়ানোর সময় পাচারকারী সন্দেহে তিনজনকে আটক করে এবং ছয় শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, এ ব্যাপারে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে শিশুদের বিরামপুরের সীমান্ত পথে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে কোন মামলা হয়নি।
