২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের চৌগাছার পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত সেলিম রেজা আওলিয়ার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

যশোরের নবগঠিত পৌরসভা চৌগাছার পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সেলিম রেজা আওলিয়ার চার হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএম হাবিব পেয়েছেন তিন হাজার ৫৩৭ ভোট।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ১০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। নবগঠিত চৌগাছা পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০ হাজার একশ ২০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, কমিশনার পদে ২৮ জন এবং মহিলা কমিশনার পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্থানীয় সূত্রে জান যায়, প্রতিটি কেন্দ্রে এক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিডিআর ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভ্রাম্যমান টিম নির্বাচন সুষ্ঠ ও অবাধ করার লক্ষ্যে কাজ করেছে। ১০টি কেন্দ্রের মধ্যে পাঁচনামনা, সবুজকুঁড়ি কিন্ডারগার্টেন ও চৌগাছা হাফেজিয়া মাদ্রানা কেন্দ্রে ব্যাপক জাল ভোট প্রদানের খবর পাওয়া গেছে। জালভোট দিতে এসে একজন মাহিলা ও পাঁচজন পুরুষকে আটক করা হয। তাদেরকে তাৎক্ষণিক বিচারে পাঁচ শত টাকা জরিমানা অথবা ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে পৌর ওয়ার্ড কমিশনার হিসেবে নির্বাচিতরা হচ্ছেন আনিসুর রহমান, সাইদুল ইসলাম, জামাত আলী মৃধা, মাহিউদ্দিন, কামাল আহমেদ, আতিয়ার রহমান, নাজমুজ্জামান খোকন, মোবারক আলী ও আবুল কালাম।

নির্বাচিত তিন জন মহিলা কমিশনার হচ্ছেন আঞ্জুমানারা বেগম চম্পা, সাইদা খাতুন এবং জহুরা বেগম।