২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে সোলার হোম হতে পারে একটি আদর্শ উদ্যোগ: প্রধানমন্ত্রী

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে সোলার হোম পদ্ধতি হতে পারে একটি আদর্শ উদ্যোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

গ্রিড সুবিধার বাইরে দেশের বেশ কয়েকটি জেলার প্রত্যন্ত অঞ্চলে সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায়ও এ সিস্টেম চালু করা হবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ফেণীর পরশুরাম উপজেলার গদানগর গ্রামের পেয়ার আহম্মদ চৌধুরীর বাড়িতে দেশের ৫০ হাজারতম সোলার হোম সিস্টেম উদ্বোধনকালে এ কথা বলেন।

তিনি বলেন, গত চার বছরে বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যেই ১ হাজার ২০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে অতিরিক্ত আরও ২ হাজার ৯শ’ ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন সৌর বিদ্যুৎ গ্রামীণ জনজীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে। সৃষ্টি করবে নতুন নতুন কর্মসংস্থান।

এ সময়ে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌর বিদ্যুৎ গ্রহীতার সঙ্গেও কথা বলেন।

বিশ্বব্যাংক ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির আর্থিক সহযোগিতায় ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) পল্লী বিদ্যুতায়ন ও নবায়নযোগ্য শক্তি উৎপাদন প্রকল্পের আওতায় নির্ধারিত মেয়াদের অর্ধেকেরও কমসময়ে ৫০ হাজার সোলার হোম সিস্টেম স্থাপনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

এক্ষেত্রে ইডকলের সহযোগী হিসেবে কাজ করছে ১০টি বেসরকারি উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, বিশ্বব্যাংকের কান্ট্রিডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিক, ইডকল’র চেয়ারম্যান ইসমাইল জাবিউল্লাহ, ব্রাক’র নির্বাহী পরিচালক আব্দুল মুয়িদ চৌধুরী, বক্তৃতা করেন।

অন্যদিকে সোলার হোম সিস্টেম উদ্বোধন উপলক্ষ্যে পরশুরামেও এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের এমপি মেজর (অব.) ইস্কান্দার মীর্জা।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মীর আহম্মদ, পুলিশ সুপার মো. ওবায়দুল্লাহ, ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাকির হোসেন প্রমুখ।