সড়ক দুর্ঘটনায় ইত্তেফাক কর্মীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দৈনিক ইত্তেফাকের ঢাকা অফিসের কর্মী একরামুল হক মারা গেছে।
পুলিশ জানায়, একরামুল তার বান্ধবী ঋতুসহ সিএনজি অটোরিক্শা যোগে বান্দরবান যাচ্ছিল। সকাল সাড়ে সাতটায় চন্দনাইশ থানাধীন গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের বহনকারী অটোরিক্শাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একরামুলের মৃত্যু হয়।
এলাকাবাসী ঋতু এবং সিএনজির চালককে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
পুলিশ জানিয়েছে, নিহত একরামুল হক দৈনিক ইত্তেফাকের কম্পিউটার অপারেটার। সে কুমিল্লা জেলার লাকসাম থানার আবদুল আজিজের পুত্র।
পরিবহন ধর্মঘট চলার কারণে তারা চট্টগ্রাম শহর থেকে অটোরিক্শায় বান্দরবান যাচ্ছিল।
