২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী ৩ শহরে রেড এ্যালার্ট

বাংলাদেশ-মায়ানমারের দীর্ঘ সীমান্ত এলাকায় সতর্কাবস্থা জারি করেছে মায়ানমার সরকার। ওই দেশের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু, বুচিদং ও রাথেদং শহরে রেড এ্যালার্ট জারি করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বাংলাদেশের পার্বত্য এলাকা নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা মায়ানমারের সীমান্ত শহরগুলোতে অবস্থান নিতে পারে এই আশংকায় গত রোববার থেকে এ সতর্কাবস্থা জারি করা হয়েছে বলে সূত্র জানায়।

মায়ানমার থেকে ফিরে আসা ব্যবসায়ীরা এ তথ্য সত্য বলে জানিয়েছে।

মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা বাংলাদেশ থেকে যাওয়া সীমান্ত বাণিজ্যের ব্যবসায়ীদের ওপরও সতর্ক নজরদারি করছে। তাদের নির্ধারিত ব্যবসায়ী ও গুদাম ছাড়া আর কোথাও যেতে দেয়া হচ্ছে না। এ কারণে অনেক সীমান্ত ব্যবসায়ী মালামাল না কিনেই দেশে ফিরে এসেছেন।

মায়ানমার থেকে ফিরে আসা একাধিক বাংলাদেশী জানান, মায়ানমার সরকার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী শহর মংডু, বুচিদং ও রাথেদং এবং কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত থেকে পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পর্যন্ত ১৮টি সীমান্ত পয়েন্টের আশপাশের পাহাড়ি এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। বাংলাদেশের পার্বত্য নাইক্ষ্যংছড়ির পাহাড়ী এলাকায় সেনা, বিডিআর ও র‌্যাবের যৌথ সাঁড়াশি অভিযানে অতিষ্ঠ হয়ে পাহাড়ে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা মায়ানমারে আশ্রয় নিতে পারে এ আশঙ্কায় এই সতর্কাবস্থা জারি করা হয়েছে। গত বছর ২১ সেপ্টেম্বর ঢাকায় শেখ হাসিনার জনসভায় বোমা হামলার ঘটনার পর প্রায় এক মাস ও চলতি বছরের ১৭ আগস্ট বাংলাদেশের অভ্যন্তরে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ঘটনার পর এক সপ্তাহ মিয়ানমার সরকার তাদের বাংলাদেশ সীমান্তবর্তী সীমান্ত পয়েন্ট গুলো সিল করে রাখলেও এবার এখনো পর্যন্ত তা করা হয়নি। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে কোন মুহুর্তে মিয়ানমার সীমান্ত সিল হয়ে যেতে পারে।

সূত্র জানায়, মিয়ানমারের ৩টি শহর ও আশপাশের এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত অঘোষিত কার্ফ্যু চলছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছে। ওই শহর গুলোতে যে কোন ক্ষেত্রে নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকা গুলোতে টহল দিচ্ছে নাসাকা ও সেনা বাহিনী।

বর্তমানে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার জোরদার তৎপরতার কারণে মংডুসহ তিনটি শহর জুড়ে কড়াকড়ি বৃদ্ধি করায় বাংলাদেশ থেকে ট্রানজিট পাস নিয়ে যাওয়া বাংলাদেশী ব্যবসায়ীদের মিয়ানমার থেকে ফিরে আসতে হচ্ছে।

এদিকে গত ২৭ আগস্ট থেকে নাই্যক্ষংছড়িতে সাঁড়াশি অভিযান শুরুর পর থেকে পার্বত্যাঞ্চলের চতুর্পাশে পোস্ট বসিয়ে যৌথবাহিনী তল্লাশি জোরদারসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় জঙ্গি সংগঠনের কার্যক্রমে ভাটা পড়েছে বলে স্থানীয় সূত্র গুলো দাবী করেছেন। তাদের মতে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ গুলোর সিনিয়র কমান্ডাররা গা-ঢাকা দিয়ে পরিস্থিতি পর্যাবেক্ষণ করছেন।

সূত্র আরো জানায়, বিগত দিনে নাইক্ষ্যংছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধার হলেও সাম্প্রতিক সময়ে এ উদ্ধার তৎপরতা ব্যাপক আকারধারণ করে। গত সাড়ে ১১ মাসে ৭৮টি অত্যাধুনিক একে-৪৭ রাইফেল, ৩০৮টি বিভিন্ন ধরনের রাইফেলসহ যুদ্ধ সরঞ্জাম উদ্ধার হওয়ায় অভিযান আরও জোরদার করা হয়। যৌথ বাহিনী শুরু করে সাঁড়াশি অভিযান। অভিযানের মূল ভূমিকায় রয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন কমান্ডার। বান্দরবানের ব্রিগেড কমান্ডারের তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়ির ৪০ রাইফেল ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল এম.এ আউয়ালের নেতৃত্বে সেনা ও বিডিআর বর্তমানে এ অভিযান চালাচ্ছে।