২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু মৃত্যুর দিক থেকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্টে এ বছর শিশু মৃত্যুর হারের দিক থেকে ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বিডিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার ঢাকাস্থ ইউএনডিপির এক কর্মকর্তা জানান, বাংলাদেশে অবস্থা এখন অনেক ভালো এবং বাংলাদেশ মানব উন্নয়নে সবদিক থেকে ভালো করছে।

১৯৭০ সালে ভারতে শিশুমৃত্যুর হার ছিল হাজারে ২০২ জন এবং বাংলাদেশে ২৩৯ জন।

বাংলাদেশে শিশু মৃত্যুর হার প্রতি বছর শতকরা ৫ ভাগ করে কমে আসছে। তিন দশক পর বর্তমানে দেখা যাচ্ছে, শিশু মৃত্যুর হারের দিক থেকে মানব উন্নয়নে ভারতের অবস্থান যেখানে ৮০তম সেখানে বাংলাদেশের অবস্থান ৬০তম।

২০০৫ সালের মানব উন্নয়ন রিপোর্টে ব্যবসা, বিদেশি সাহায্য এবং সংঘর্ষ এ তিনটি ব্যাপারকে প্রাধান্য দেওয়া হয়েছে। বুধবার এ রিপোর্ট প্রকাশিত হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে সম্প্রতি মানব উন্নয়ন রিপোর্ট প্রণয়নকারীদের শীর্ষস্থানীয় একজন কেভিন ওয়াটকিনস ভারতের পিছিয়ে পড়ার ব্যাপারটি আলোচনা করেন।

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক অগ্রগতি যা দারিদ্র বিমোচন এবং সবার জন্য স্বাস্থ্য, পানি ও শিক্ষা নিশ্চিত করার সাথে সম্পর্কিত।

ভারতের পিছিয়ে পড়ার পেছনে তিনি দুর্বল জনস্বাস্থ্য, শিক্ষার অভাব এবং ক্ষুধাকে দায়ী করেন।

তিনি বলেন, ভারত এবং চীনের মতো দেশ অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও শিশু মৃত্যু সন্তোষজনকভাবে কমিয়ে আনতে পারছে না। অথচ ভিয়েতনামের মতো দেশ এ ক্ষেত্রে চীনের চেয়ে এগিয়ে রয়েছে। আবার একইভাবে মানব উন্নয়নে যাকে তলাহীন ঝুড়ি বলা হত সেই বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে।

ভারতের স্বাস্থ্য সম্পর্কে তিনি বলেন, ভারতে আশির দশকে স্বাস্থ্য উন্নয়ন ভালোই ছিলো। বর্তমানে ভারতে শিশু মৃত্যুর হার বেশি এবং ছেলে শিশুর চেয়ে মেয়ে শিশু মৃত্যুর হার শতকার ৫০ ভাগ বেশি।

তিনি বলেন, এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে স্বল্প আয় এবং স্বল্প অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও মানব উন্নয়নে কোনও দেশ এগিয়ে থাকতে পারে।