পাবনায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত
পাবনার সাঁথিয়ায় চরমপন্থী দলের শীর্ষ নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জিয়াউর রহমান ওরফে জিয়া মঙ্গলবার পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সাঁথিয়া পুলিশ চরমপন্থী দলের (এমএল লাল পতাকা) জেলার শীর্ষ নেতা জিয়াউর রহমানকে আলোকদিয়ার গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। রাত ১টার দিকে রামচন্দ্রপুর কবরস্থানের কাছে পৌঁছলে জিয়ার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় জিয়া গুলিবিদ্ধ হয়।
আহত জিয়াকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউণ্ড তাজা গুলি ও দুই রাউণ্ড গুলির খোসা উদ্ধার করে।
তার বিরুদ্ধে পাঁচটি হত্যা, ডাকাতিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
নিহত জিয়া সাঁথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামের বেলাল খার ছেলে।
