নিউ অর্লিন্স-এ বাংলাদেশীরা নিরাপদে আছে: মুখোপাত্র
যুক্তরাষ্ট্রের লুসিয়ানা, মিসিসিপি ও আলাবামায় প্রলয়ংকারি হারিকেন ক্যাটরিনা আঘাত হানলেও নিউ অর্লিন্স-এ বসবাসকারী বাংলাদেশী পরিবারগুলো ও শিক্ষার্থীরা ভালো আছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সোমবার বিডিনিউজকে বলেন, লুসিয়ানার সবচেয়ে আক্রান্ত নগরী নিউ অর্লিন্স-এ ৪০টি বাংলাদেশী পরিবার ও ১৫ জন শিক্ষার্থী রয়েছে যারা সম্পূর্ণ নিরাপদে রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রাণালয়ের বহিঃপ্রচার বিভাগের পরিচালক জহিরুল হক যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনের বরাত দিয়ে জানান, হ্যারিকেন ক্যাটরিনা আঘাত হানার আগেই ওইসব বাংলাদেশী নিউ অর্লিন্স ছেড়ে যায়।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোন বাংলাদেশীর নিহতের খবর পাইনি। তবে নিশ্চিত করে কিছু বলার সময় এখনো হয়নি। এখনো উদ্ধার কাজ চলছে। আমরা সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছি।
জহিরুল হক বলেন, ড. হায়দর নামে যে চিকিৎসক হারিকেন আঘাতের সময় কর্তব্যরত ছিলেন, যাকে তিন দিন পর উদ্ধার করা হয়েছিলো, তিনিও বর্তমানে সুস্থ্য আছেন।
তিনি আরো জানান, মিসিসিপিতে যে তিনটি বাংলাদেশী পরিবার বাস করে তারাও কাছাকাছি কোনও রাজ্যে বন্ধুর বাড়িতে রয়েছে।
ড. রানা ও ড. ওয়ারিসুর নামে দুই বাংলাদেশী চিকিৎসকের বাড়ি পুরোটাই ধ্বংস হয়েছে তবে তারা পরিবার নিয়ে নিরাপদে আছেন এমন নিশ্চিত খবর আমাদের কাছে রয়েছে।
জহিরুল হক জানান, আলাবামায় ৪০টি বাংলাদেশী পরিবারের বাস রয়েছে। তারা সকলেই হারিকেনের আগে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চয়ে যায়। নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালযের অধ্যাপক কবির হাসানকে উদ্ধৃত করে পররাষ্ট্র মুখোপাত্র জানান, মিসিসিপি’র সকল বাংলাদেশীরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তার মধ্যে তার নিজের বাড়িটিও রয়েছে। তবে এ নিয়ে তার উদ্বেগ নেই এ কারণে যে বাড়িগুলো বীমাকৃত।
