২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারে খাদ্য সরবরাহ করবে হোটেল সোনারগাঁও

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) খাদ্য সরবরাহ করবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। সোমবার বেসরকারি ব্যবস্থাপনাধীন প্রতিষ্ঠান দুটির মধ্যে খাদ্য সরবরাহ ও কারিগরি সহযোগিতা বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বিসিএফসিসি’র পরিচালনা ও ব্যবস্থাপনা সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান আগ্রাবাদ একম কনসোর্টিয়াম লিমিটেডের (এএসিএল) কাছে ছেড়ে দেওয়া হয়েছে। বিসিএফসিসিতে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।

এএসিএলের ব্যবস্থাপনা পরিচালক এএইচ হাকিম আলী, প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মহাব্যবস্থাপক গ্র্যান্ট জে গাসকিন, ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর পাওলো র‌্যানডোন, এএসিএলের পরিচালক মুজিবুল হক এবং সালমান ওবায়দুল করিম এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এএসিএলের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম হাকিম আলী বলেন, শুধু সরকার নয়, ব্যয় বহনে সক্ষম জনসাধারণও এখন থেকে এ কেন্দ্রটি ব্যবহার করতে পারবে।

দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পাদিত হওয়ায় বিসিএফসিসি ভবিষ্যতে একটি আধুনিক সম্মেলন কেন্দ্রে রূপান্তরিত হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে গ্র্যান্ট গাসকিন বলেন, আমরা বিশ্বমানের এ কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ পেয়ে গর্বিত। এর মাধ্যমে আমরা গ্রাহকদের আস্থা অর্জনের সুযোগ পাব।

প্রাথমিকভাবে এক বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং পরবর্তীতে এ চুক্তির মেয়াদ আরও বাড়ানো যাবে।

এক প্রশ্নের জবাবে এএসিএলের হাকিম আলী বলেন, চুক্তি অনুযায়ী এএসিএল সরকারকে এক বছরে তিন কোটি টাকা দেবে এবং সরকার ওই সময়ের মধ্যে বিনা ব্যয়ে সর্বোচ্চ ১২ বার এ কেন্দ্রটি ব্যবহার করতে পারবে।