ঢাকা শহরের পরিবেশ রক্ষায় ২০ বছর মেয়াদী মাস্টার প্ল্যান প্রণয়নের ওপর গুরুত্বারোপ
জাতীয় পরিবেশ বিষয়ক নির্বাহী কমিটির সভায় সোমবার রাজধানী ঢাকা শহরের সার্বিক পরিবেশ রক্ষায় প্রায় ৬০ হাজার কোটি টাকার ২০ বছর মেয়াদী মাস্টার প্ল্যান প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন, তেজগাঁও শিল্প এলাকাসহ নগরীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রাজধানীর বাইরে স্থানান্তরের ওপরও গুরুত্ব দেয়া হয়। পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ঢাকা শহরে জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে ২০২৫ সালে ঢাকা শহর পরিত্যক্ত হতে বাধ্য। এ পরিস্থিতি থেকে ঢাকা মহানগরীকে বাস উপযোগী রাখতে ঢাকা পরিবেশ কর্তৃপক্ষ গঠন, পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে আনা, বুড়িগঙ্গাসহ ঢাকা শহরের বিভিন্ন জলাধার দখলমুক্ত করা, ঢাকা শহরে কি পরিমান পরিবহণ চলবে তা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করাসহ দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সুপারিশ করা হয়।
সভায় কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, নৌ-পরিবহণ মন্ত্রী লেঃ কর্ণেল (অবঃ) আকবর হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম, অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল এম আনোয়ারুল কবির তালুকদার, ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঞা, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
