২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বরিশালে ধর্মঘট, মৎস্য অবতরণ কেন্দ্রে অচলবস্থা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বরিশাল বাস-ট্রাক মালিক সমিতির ডাকে টানা ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের কারণে বরিশালের শহীদ জিয়া মৎস্য অবতরণ কেন্দ্রে অচলবস্থা সৃষ্টি হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সোমবার দুপুর ২টা পর্যন্ত বরিশাল থেকে ইলিশ মাছ বোঝাই ট্রাক ভারত এবং দেশের কোথাও ছেড়ে যায়নি। ফলে বরিশালে ইলিশ মাছের দাম কমে গেছে এবং একই সাথে বেড়েছে প্রতি ক্যান বরফের দাম। এ অবস্থায় মৎস্যজীবীদের মাথায় বাজ পড়েছে।

মৎস্য অবতরণ কেন্দ্রে সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে ঘাট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মাসুম ব্যাপারী এবং মো. হানিফ বিডিনিউজকে জানান, সোমবার ভারত কিংবা দেশের কোথাও এখানকার ইলিশ মাছ যায়নি। তাই এখানে মাছের আমদানি গত কয়েক দিনের চেয়ে অনেক বেশি। সোমবার এখানে এক কেজি ওজনের ইলিশের মন আট হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এ দর গত দু’দিনে সর্বোচ্চ ১২ হাজার টাকা ছিল।

একইভাবে পাঁচশ’ গ্রাম ওজনের মাছের দাম ৭ হাজার ৫শ’ টাকার পরিবর্তে ৫ হাজার ৫শ’ এবং দুশ থেকে ২৫০ গ্রাম ওজনের ইলিশ চার হাজার টাকার পরিবর্তে ৩ হাজার ২০০ টাকায় কেনা বেচা হয়েছে।

মৎস্য ব্যবসায়ী হাসান আলী জানিয়েছেন, বরিশাল থেকে ইলিশ মাছ শতকরা ৮০ ভাগ ভারতে রপ্তানি করা হয়। এছাড়া দেশের মধ্যে যশোর, রাজশাহী, ঢাকা, বেনাপোল, মেহেরপুর, জয়পুরহাট ও মধুপুরে এখান থেকে ট্রাকযোগে মাছ নিয়ে যাওয়া হয়।

দুপুরে পোর্ট রোড এলাকায় ১২ থেকে ১৫টি ট্রাক অবস্থান করতে দেখা গেছে। এর মধ্যে একটি ট্রাকে মাছ লোড করছিলেন ব্যবসায়ী হাসান আলী। তিনি জানান, ট্রাকে ১শ ১০ মন মাছ বোঝাই করা হয়। রাতে যশোরের উদ্দেশে ট্রাকটি ছেড়ে যেতে পারে। কিন্তু ধর্মঘট শিথিল না হলে ট্রাক ছাড়বে না।

বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের মো. দুলাল বিডিনিউজকে জানান, রোববার সকাল থেকে রাত পর্যন্ত ভারতের উদ্দেশে আটটি মাছ বোঝাই ট্রাক এবং যশোর, ঢাকা, মেহেরপুর, জয়পুরহাট, মধুপুরে একটি করে এবং রাজশাহীতে দুটি মাছ বোঝাই ট্রাক বরিশাল থেকে ছেড়ে গেছে। কিন্তু সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো ট্রাক বরিশাল থেকে ছেড়ে যায়নি। এদিকে মৎস্য বন্দরে মাছের মাত্রাতিরক্ত আমদানির কারণে বরফ কল মালিক সমিতি বরফের দাম ক্যান প্রতি ২০টাকা করে বাড়িয়ে দিয়েছে।