পুরুষের শারীরিক সক্ষমতা হার্টের অসুখে মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয়
শারীরিকভাবে সক্ষম পুরুষদের হার্টের অসুখে মৃত্যুর ঝুঁকি কম। সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাময়িকীতে এ তথ্য প্রকাশিত হয়েছে।
কুইনসের গবেষক পিটার কাজমারজিকের নেতৃত্বে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলেও শারীরিকভাবে সক্ষম পুরুষদের কার্ডিওভাসকুলার রোগে মৃত্যুর ঝুঁকি অর্ধেকে নেমে আসে।
গত বছর মার্কিন ন্যাশনাল কোলেস্টেরল এডুকেশন প্রোগ্রাম এডাল্ট ট্রিটমেন্ট প্যানেল ৩ (এনসিইপি এটিপি ৩) এর লোয়ারিং ব্যাড কোলেস্টেরল (এলডিএল) থেকে কার্ডিওভাসকুলার রোগে মৃত্যুঝুঁকির ব্যাপারে দেওয়া গাইডলাইনের কার্যকারিতা পরীক্ষা করে দেখাই ছিল ওই গবেষণার মূল উদ্দেশ্য এবং গবেষকরা তাতে সফলও হয়েছেন বলে মন্তব্য করেছেন ড. কাজমারজিক।
গবেষকরা ঝুঁকির বিভিন্ন ক্যাটাগরি পরীক্ষা করে দেখতে পান, সপ্তাহে চার থেকে পাঁচদিন ৩০ মিনিট যেকোনও কাজ করা বা ১৩০ থেকে ১৩৮ মিনিট হাঁটার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন করা সম্ভব।
২০ থেকে ৭৯ বছর বয়সী পুরুষের ওপর ঝুঁকিপূর্ণ কার্ডিওভাসকুলার উপাদান এবং কার্ডিও রেসপিরেটরি ফিটনেস পরীক্ষা করে দেখা যায়, ১০ বছরে ১৭৯ জন কার্ডিওভাসকুলার রোগে মারা গেছে।
ড. কাজমারজিক বলেন, কোলেস্টরেল লোয়ারিং ড্রাগের মাধ্যমে মৃত্যুর ঝুঁকি অনেক কমিয়ে আনা যায়।
